খিলক্ষেতের সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু
রাজধানীর খিলক্ষেতে গতকাল বুধবার রাতের সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
মারা যাওয়া তিনজন হলেন—উজ্জ্বল পাণ্ডে (২৮), আমরিনা হক (২৪) ও ইয়াছিন (৮)।
দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় শিশু ইয়াছিন।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে উজ্জ্বলকে মৃত ঘোষণা করা হয়। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে মারা যান আমরিনা। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য জানান।
বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় আহত সুমন (৩৫) নামের একজন এখন ঢামেকে চিকিৎসাধীন। নিহত শিশু ইয়াছিনের বাবা তিনি।
খিলক্ষেত থানার পুলিশ জানায়, গতকাল রাত সোয়া ৯টার দিকে খিলক্ষেতের একটি যাত্রীছাউনিতে বেপরোয়া গতির একটি গাড়ি উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। গতকাল রাতেই গাড়িটি জব্দ করা হয়, তবে চালক পালিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া উজ্জ্বলের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের কাজীপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মৃণাল পাণ্ডে।
জীবন নামের এক স্বজন বলেন, উজ্জ্বল রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি রাজধানীর নতুনবাজার এলাকায় থাকতেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মারা যাওয়া আমরিনা রাজধানীর পূর্ব গোড়ান এলাকায় থাকতেন। তাঁর স্বামীর নাম এস এম রেজাউল হক।