এই ডিজিটাল যুগে কেন টাকা আটকে থাকবে, প্রশ্ন কিউকম গ্রাহকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাকা ফেরতসহ বিভিন্ন দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন কিউকমের গ্রাহকেরা
ছবি: সাবিনা ইয়াসমিন

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের গ্রাহকেরা তাঁদের টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেছেন। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কিউকম কাস্টমারস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন হয়। ক্রয়াদেশ দিয়েও নির্দিষ্ট সময়ে পণ্য বা টাকা ফেরত না পাওয়া গ্রাহকেরা এতে অংশ নেন।

এর আগে গত সোমবারও টাকা ফেরতসহ সাত দাবিতে একই জায়গায় মানববন্ধন করেছিলেন কিউকমের গ্রাহকেরা। মানববন্ধনে তাঁরা বলেন, কিউকমের পেমেন্ট গেটওয়ে ফোস্টার পেমেন্টসকে বাংলাদেশ ব্যাংকের নজরে রেখে তাঁদের টাকা ফেরত দেওয়া হোক। তাঁরা ফোস্টারের কাছে আটকে থাকা তাঁদের টাকা সাত দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া, ফোস্টারের সিস্টেম অটোমেশন করা এবং আইনি কাঠামোর মাধ্যমে কিউকমকে ব্যবসা পরিচালনা করতে দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন

মানববন্ধনে গ্রাহকেরা প্রশ্ন তোলেন, একুশ শতকে ডিজিটাল সময়ে এসে কেন মানুষের টাকা আটকে থাকবে? সরকারের নজরদারির মধ্যে এমন ডিজিটালি প্রতারণা কেন হবে? এত নিয়ম থাকার পরও কেন মানুষের টাকা আটকে রাখা হবে?

কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশনের সভাপতি জেসি আলম বলেন, ‘ফোস্টার গেটওয়েটি গোয়েন্দা সংস্থার পরামর্শে বন্ধ রাখায় আমাদের অর্থ ফেরত পাচ্ছি না। গ্রাহকদের প্রায় ২৫০ কোটি টাকা গেটওয়েটির কাছে আটক রয়েছে।’ তাদের কষ্টার্জিত সঞ্চয়ের অর্থ ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।

বাংলাদেশ ব্যাংক গত জুনে ‘এসক্রো সিস্টেম’ চালু করেছে। এ পদ্ধতিতে ক্রেতার টাকা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পেমেন্ট গেটওয়ের কাছে জমা থাকে। কিউকমের পেমেন্ট গেটওয়ে ছিল ফোস্টার পেমেন্টস। এ পদ্ধতিতে কিউকম ক্রেতার কাছে পণ্য পৌঁছে দিয়ে চালানসহ নথিপত্র ফোস্টারে জমা দেওয়ার কথা।