কাওয়ালির আসরে হামলার প্রতিবাদ কাওয়ালি দিয়েই হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ধ্যায় টিএসসির সঞ্জীব চত্বরে কাওয়ালি ব্যান্ড সিলসিলার সদস্যরা কাওয়ালি পরিবেশন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৩ জানুয়ারি
ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে একদল শিক্ষার্থীর উদ্যোগে আয়োজিত কাওয়ালি গানের আসরে ছাত্রলীগের হামলার প্রতিবাদ কাওয়ালির মাধ্যমেই জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে ঘণ্টাব্যাপী কাওয়ালি ও প্রতিবাদী গানের অনুষ্ঠান চলে নির্বিঘ্নে।

সন্ধ্যায় টিএসসির সঞ্জীব চত্বরে কাওয়ালি ব্যান্ড সিলসিলার সদস্যরা কাওয়ালি পরিবেশন করেন। ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক শিক্ষার্থী এতে অংশ নেন। এতে বাংলা ও উর্দু ভাষায় কাওয়ালি ও প্রতিবাদী গান পরিবেশিত হয়, করা হয় আবৃত্তিও। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এ আয়োজন চলে। গতকাল বুধবার কাওয়ালির আসরে হামলা হলেও আজ তেমন কিছু ঘটেনি।

সিলসিলা ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র লুৎফুর রহমান বলেন, ‘বুধবার আমরা একটি অরাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়। ওই হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আজ আমরা কাওয়ালি ও প্রতিবাদী গানের আয়োজনটি করি। আমরা এখন থেকে নিয়মিত প্রতি বৃহস্পতিবার টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠান করব।’
গতকাল সন্ধ্যায় টিএসসিতে শিক্ষার্থীদের একটি অংশের উদ্যোগে আয়োজিত কাওয়ালির আসরে হামলা হয়। আয়োজকেরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন। হামলায় আয়োজক, শিল্পী ও দর্শক-শ্রোতাদের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে দাবি আয়োজকদের। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

আরও পড়ুন