পাকিস্তান আমলে কি আমরা জেলে যাইনি: ইলিয়াস কাঞ্চন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমাদের অনেক ব্যর্থতা আছে। আমরা অনেক কিছুই করতে পারছি না। যাঁরা ক্ষমতায় থাকেন, তাঁরাই সবকিছু নির্ধারণ করেন। নিজেদের স্বার্থ দেখছি বলে আমরা সে জায়গাটিতে নাড়া দিতে পারছি না। যে কারণে সংস্কৃতির স্বার্থটা দেখছি না। আগে কি আমরা জেলে যেতাম না? পাকিস্তান আমলে কি জেলে যাননি সংস্কৃতিকর্মীরা?’
আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে ‘সংস্কৃতিক্ষেত্রে কি আমরা পরাজিত হচ্ছি?’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে অংশ নিয়ে ইলিয়াস কাঞ্চল এসব কথা বলেন।
গোলটেবিল বৈঠকে ইলিয়াস কাঞ্চন প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশে শেষ কবে রাজনৈতিক ছবি তৈরি হয়েছে? হয় না ভয়ে। সেটা সেন্সর পাবে কি না, মুক্তি পাবে কি না কেউ জানে না। আমার দৃঢ় বিশ্বাস, তরুণেরা অপেক্ষায় আছে রাজনৈতিক একটা গণজাগরণের সিনেমা তৈরি হবে। আমরা সাহস নিয়ে সে রকম ছবি তৈরি করতে পারছি না। আমি নিজেই ভেবেছি, এ রকম ছবিতে বিনিয়োগ করলে যদি ছবিটা মুক্তি না পায়, আবার বিনিয়োগ ফিরে আসবে না।’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘পুলিশ কর্মকর্তারা আমাদের ডেকে বলেছেন, নাটক-সিনেমা করে আমরা নাকি পুলিশের ভাবমূর্তি নষ্ট করছি। আমি বলেছি, মেজর সিনহাকে নিয়ে কি আমি একটি চলচ্চিত্র বানাতে পারব? তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি কি সত্য? তাঁরা কোনো জবাব দেননি। অথচ “জীবন থেকে নেয়া” বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সবাই পথে নেমেছিল।’
পাকিস্তান আমলের কথা টেনে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘পাকিস্তান আমলে আমি ছাত্র ছিলাম। তখনকার দিনের আন্দোলনগুলো আমি দেখেছি। তখন উদ্দীপনা ও সাহস ছিল, দেশপ্রেম ছিল। বাঙালি ও পাকিস্তানিদের যে পার্থক্যটা আমরা বুঝতাম, দেশ স্বাধীন হওয়ার পর হারিয়ে গেছে। সেটাই আমাদের কাল হয়েছে। অনেক পরিচালককে আমি চলচ্চিত্রের মানুষ হিসেবেই জানতাম। যখন চলচ্চিত্রে আসি, দেখলাম এই মানুষগুলো চলচ্চিত্রের মানুষ নন, কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ। এই যে সিল লেগে গেল, এটাই সংস্কৃতিকর্মীদের বড় ব্যর্থতা বলে আমি মনে করি।’
গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে আরও ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, লেখক ও সাংবাদিক আবুল মোমেন, শাহরিয়ার কবির, শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সংগীতশিল্পী ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম, নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা।