সংস্কৃতিক্ষেত্রে পরাজিত না হলেও আমরা পিছিয়ে পড়েছি

প্রথম আলোর উদ্যোগে ‘সংস্কৃতিক্ষেত্রে কি আমরা পরাজিত হচ্ছি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) জহিরুল ইসলাম, গোলাম কুদ্দুছ, লুভা নাহিদ চৌধুরী, সৈয়দ জামিল আহমেদ, আবুল মোমেন, সৈয়দ মনজুরুল ইসলাম, রামেন্দু মজুমদার, শাহরিয়ার কবির, মিলন কান্তি দে, ইলিয়াস কাঞ্চন, সামিনা লুৎফা এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। মঙ্গলবার প্রথম আলো কার্যালয়েছবি খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক আন্দোলনের সূচনা ও সেই পথ ধরে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। আজ ৫১ বছর পর প্রশ্ন উঠছে, সংস্কৃতিক্ষেত্রে আমরা পরাজিত হচ্ছি, নাকি পিছিয়ে পড়ছি? এই প্রশ্নের হাত ধরে আসে বাঙালির সাংস্কৃতিক কর্মকাণ্ডের সংকোচন, মৌলবাদের নতুন করে উত্থানসহ নানা প্রসঙ্গ উঠে আসে। পাশাপাশি সাংস্কৃতিক সম্মেলনসহ নানা কার্যক্রমের মাধ্যমে এসব থেকে উত্তরণের প্রস্তাবও আসে।

আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলো কার্যালয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব বিষয় নিয়ে কথা বলেন বক্তারা। ‘সংস্কৃতিক্ষেত্রে কি আমরা পরাজিত হচ্ছি?’ শীর্ষক গোলটেবিলে আলোচনায় অংশ নেন নাট্যজন রামেন্দু মজুমদার, লেখক ও সাংবাদিক আবুল মোমেন, শাহরিয়ার কবির, শিক্ষাবিদ ও লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সংগীতশিল্পী ও বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম, নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা।

রামেন্দু মজুমদার
ছবি: প্রথম আলো

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ।
গোলটেবিল আলোচনায় রামেন্দু মজুমদার বলেন, ‘সংস্কৃতিক্ষেত্রে একদিকে পুঁজিবাদ ও রাজনীতির একটি বড় প্রভাব পড়েছে। সাংস্কৃতিক জাগরণে মধ্যবিত্তের মূল ভূমিকা ছিল। তারাও এখন ভোগবাদে অভ্যস্ত হয়ে গেছে। তাদের কাছে সফল জীবনের যে ছবি, সেখানে সংস্কৃতির ভূমিকা গৌণ। অন্যদিকে আমরা মৌলবাদের প্রসারের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ করতে পারিনি। প্রথম প্রতিবাদ আসা উচিত ছিল সরকারের কাছ থেকে, কিন্তু তা আসেনি। সাম্প্রদায়িকতা এসেছে রাজনীতির মাধ্যমে।’

আরও পড়ুন
সৈয়দ মনজুরুল ইসলাম
ছবি: প্রথম আলো

নতুন সময়ে সংস্কৃতির বাঁকবদল প্রসঙ্গে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘বাজার অর্থনীতি আমাদের গ্রাস করে ফেলছে। সংস্কৃতিও পণ্য হয়ে গেছে। সংস্কৃতি চলে গেছে দৃশ্যমাধ্যমে। অনেকে বলছে, প্রযুক্তির মাধ্যমে বইও একসময় দৃশ্যের বিষয় হয়ে দাঁড়াবে। যত গান মানুষ ভিডিওতে দেখছে, তত গান সামনাসামনি শুনছে কি না জানি না। কৃত্যের ভেতরে মানুষকে সম্পৃক্ত করতে না পারলে লাভ নেই। ফলে দীর্ঘদিনের যত্নে আমরা যে ভূমি তৈরি করেছিলাম, ক্রমশ আমরা সেটা হারাচ্ছি।’

মৌলবাদের উত্থান প্রসঙ্গে শাহরিয়ার কবির বলেন, ‘পঁচাত্তরের পর থেকে আমাদের সমাজ, রাজনীতি ও সংস্কৃতির যে মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকীকরণ, পাকিস্তানীকরণ শুরু হয়েছে, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। সংবিধানে চার মূলনীতি ফিরে এসেছে, কিন্তু রাষ্ট্রধর্ম এখনো রয়ে গেছে। এর পরিণতি আমরা দেখতে পাচ্ছি, কীভাবে ভিক্টিমাইজ হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ও ভিন্নমতের মানুষেরা।’

শাহরিয়ার কবির
ছবি: প্রথম আলো

জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে একসময় বুদ্ধিজীবীরা নেতৃত্ব দিয়েছেন, রাজনীতিবিদেরা তাঁদের অনুসরণ করেছেন। এখন বুদ্ধিজীবী বা সাংস্কৃতিক কর্মীরা রাজনীতিক নেতাদের পেছন পেছন হাঁটেন। এভাবে তাঁরা নিজেদের মর্যাদাহানি করেছেন। বিভিন্ন লড়াই–সংগ্রামে মানুষের পাশে থাকার কাজটি আমরা করিনি।

বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি যে ভাষা, সেটি আমরা আগেই ছেড়ে দিয়েছি। মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গায় আমরা বাংলা ভাষার প্রসার ঘটাতে পারিনি। ভাষা বেদখল হয়ে গেছে।’

সংস্কৃতিক্ষেত্রে পরাজিত না হলেও পিছিয়ে পড়েছেন বলে মনে করেন বক্তারা। সংকট থেকে উত্তরণে বড় পরিসরে জাতীয় সাংস্কৃতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব করেন তাঁরা। ধর্মীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের প্রস্তাবও করেছেন কেউ কেউ।
রামেন্দু মজুমদার বলেন, সমাজে এমন একটি জায়গা তৈরি করতে হবে, যেখানে বিতর্ক করা যায়।

লুভা নাহিদ চৌধুরী
ছবি: প্রথম আলো

সংস্কৃতিক্ষেত্রে সুশীল সমাজের কর্তৃত্বের ওপর গুরুত্বারোপ করেন সৈয়দ জামিল আহমেদ। মুক্তচিন্তার জায়গা তৈরির ওপর গুরুত্ব দেন আবুল মোমেন।
লুভা নাহিদ চৌধুরী বলেন, ক্ষমতাকাঠামোর দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার আর দরকার স্বচ্ছতা।

সামিনা লুৎফা বলেন, সংস্কৃতিকর্মীর অর্থনৈতিক মুক্তি জরুরি, পাশাপাশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যথাযথ সাংস্কৃতিক কনটেন্ট তৈরি করতে হবে।