ময়লার গাড়ির ধাক্কায় এবার প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এবার পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, তিনি উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম শিখা রানী (৫৫)। পুলিশ বলছে, গতকাল রাতে মহাখালী উড়ালসেতুর মুখে রাস্তা ঝাড় দিচ্ছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এ সময় দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম আজ রোববার প্রথম আলোকে বলেন, ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তাঁরা বলেছেন, সিটি করপোরেশনের ময়লার গাড়ি শিখা রানীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শাহ আলম আরও বলেন, অজ্ঞাত চালককে আসামি করে মামলা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র বলছে, ওই পরিচ্ছন্নতাকর্মী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান মারা যান। সিটি করপোরেশন বলেছে, গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান মারা যান। গত ২ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন। এসব ঘটনার পর হাফ পাস ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতেও আন্দোলন করেন।