রাজধানীতে ট্রাকের ধাক্কায় লেগুনার যাত্রী নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাগের সাদেক খান কৃষি মার্কেট এলাকায় গাবতলী-সদরঘাট বেড়িবাঁধ সড়কে ট্রাকের ধাক্কায় একটি লেগুনার সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে লেগুনার এক যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম আতিকুল্লাহ (২৭)। তাঁর বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত দুজনের নাম-পরিচয়ও পুলিশ জানাতে পারেনি।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মাতব্বর বেলা দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, ইটবাহী একটি ট্রাক গাবতলী থেকে সদরঘাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল লেগুনাটি। ট্রাকের ধাক্কায় লেগুনার সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আতিকুল্লাহর মরদেহ সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনায় আহত হওয়ার পর স্থানীয় লোকজন সেখানে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের একজন সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে, অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনো তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন