শরীফ উদ্দিনকে দুদকের চাকরিতে পুনর্বহালের দাবি
মো. শরীফ উদ্দিনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। একই সঙ্গে তারা দুদকের ওপর সরকারসহ প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ এনে তা বন্ধের দাবি জানিয়েছে।
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানান গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।
শরীফ উদ্দিন দুদকের উপসহকারী পরিচালক ছিলেন। চট্টগ্রামে দায়িত্ব পালনের সাড়ে তিন বছরের মাথায় গত বছরের ৩০ জুন শরীফকে পটুয়াখালীতে বদলি করা হয়। আর ১৬ ফেব্রুয়ারি কোনো কারণ উল্লেখ না করেই তাঁকে চাকরিচ্যুত করে দুদক।
মানববন্ধনে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বলেন, ‘শরীফ উদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ, তা স্পষ্ট করা হোক। আমরাও জানতে চাই, তাঁর অপরাধ কী ছিল, কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।’
হারুন চৌধুরী আরও বলেন, ‘আমরা এ দেশে কোনো বিশৃঙ্খলা চাই না। এই স্বাধীন দেশে আবার কোনো আন্দোলনে যেতে চাই না। তাই সরকারের কাছে দাবি জানাই, দুর্নীতি দমন কমিশনের ওপর সরকারসহ প্রভাবশালীদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। শরীফ উদ্দিনের চাকরি ফিরিয়ে দিতে হবে।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, ‘আজকে কোনো প্রশাসন নেই। কেউ কোনো কথা বলতে পারেন না। দেশে আজ বাক্স্বাধীনতা হরণ করা হয়েছে। শরীফের বিষয়টি জনগণের জানার অধিকার আছে। সরকারি কর্মকর্তাদের জবাবদিহি থাকতে হবে।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।