১০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন।
ছবি: সাজিদ হোসেন

রাজধানীর মগবাজারের বিস্ফোরণে আটজনের মৃত্যুর ঘটনায় করা মামলাটি তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এই দিন ঠিক করেন।

মগবাজারের বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আজ মঙ্গলবার সকালে মামলা করে পুলিশ। ভবনমালিকের অব্যবস্থাপনা, বৈদ্যুতিক সঞ্চালন লাইন, ত্রুটিপূর্ণ গ্যাস ব্যবস্থাপনা, শরমা হাউস, গ্র্যান্ড কনফেকশনারিসহ অন্যদের অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ৩০৪-ক ধারায় এই মামলা হয়।

গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এই বিস্ফোরণে এ পর্যন্ত আটজন মারা গেছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। এখনো আটজন চিকিৎসাধীন। বিস্ফোরণে মূল সড়কের পাশে তিনটি ভবন প্রায় বিধ্বস্ত হয়। আশপাশের অন্তত সাতটি ভবনের কাচ উড়ে গেছে। দুমড়েমুচড়ে গেছে রাস্তায় থাকা তিনটি বাস।

আরও পড়ুন

ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, পুলিশ সদর দপ্তর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা কমিটি করেছে। কমিটির সদস্যরা গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা সাংবাদিকদের বলেছেন, বিস্ফোরণে ঘটনাস্থল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ ও উৎস সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

মগবাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটিতে গ্যাসলাইনের কোনো সংযোগ ছিল না। নিচতলায় যেখান থেকে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, সেই শরমা হাউসের গ্যাসের সিলিন্ডার অক্ষত আছে; বিস্ফোরিত হয়নি। নাশকতার জন্য ব্যবহৃত হতে পারে, এমন বোমা বা বিস্ফোরকের কোনো অস্তিত্বও ঘটনাস্থলে মেলেনি।

তবে সরকারের একাধিক সংস্থার ধারণা, এই ভবন বা আশপাশের স্যুয়ারেজ লাইন অথবা অন্য কোনো উৎস থেকে সৃষ্ট গ্যাস ভবনের আবদ্ধ কোনো স্থানে জমে গিয়েছিল। তা কোনোভাবে আগুন বা আগুনের স্ফুলিঙ্গের (স্পার্ক) সংস্পর্শে আসায় বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শনে আসা একাধিক বিশেষজ্ঞ কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণস্থলে মিথেন গ্যাসের গন্ধ পাওয়া গেছে। স্যুয়ারেজের আবর্জনা ও স্তূপ করে রাখা ময়লা থেকে সাধারণত মিথেন গ্যাস উৎপন্ন হয়।