২ দফা দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটামে অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো

অর্ধেক ভাড়া দিতে চাইলে ধর্ষণের হুমকি দেওয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তার ও হাফ পাস (অর্ধেক) ভাড়া নির্ধারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আজকের সড়ক অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টার পর এই দুই দফা দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী।

এর আগে সকালে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস ভাড়া নির্ধারণের দাবিতে রাজধানীর বকশীবাজার মোড় অবরোধ করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী।

অবরোধের সময় চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল
ছবি: প্রথম আলো

শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল শনিবার রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাঁকে ধর্ষণের হুমকি দিয়েছেন বাসচালকের সহকারী। শিক্ষার্থীরা এর বিচারের দাবি জানান।

ধর্ষণের হুমকির বিচার ও হাফ পাস ভাড়ার দাবিতে রোববার সকালে বদরুন্নেসা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে আগে থেকেই কলেজফটকে অবস্থানে থাকা পুলিশ বাধা দেয়। পরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গেলে ফটক খুলে দেওয়া হয়। সকাল ১০টার কিছুক্ষণ পরে কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে রাস্তা আটকে অবস্থান নেন। এরপর ধর্ষণের হুমকি দেওয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তার ও হাফ পাস (অর্ধেক) ভাড়া নির্ধারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে দুপুর ১২টার পর সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দেন। তাঁদের হাতে ‘হাফ পাস আমাদের অধিকার’, ‘এই হলো দেশের কঠোর বাস্তবতা, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড ছিল।