প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুলকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইদুল ইসলাম
ছবি: সংগৃহীত

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন চেয়ে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলামকে এবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে কারণ জানতে চাওয়া হয়। বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয়।

আগামী ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চেয়ে চিঠিতে বলা হয়, ‘মাইদুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এবং তাঁর সরকারের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছেন। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাসংক্রান্ত বিধানের পরিপন্থী। এ বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে মাইদুল ইসলামকে আদেশ দেওয়া হয়েছে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ প্রথম আলোকে বলেন, মাইদুল ইসলাম বিদেশে থাকায় তাঁকে ই-মেইলে চিঠিটি পাঠানো হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ এনে মাইদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। উপাচার্য শিরীণ আখতারকে চিঠি দিয়ে তাঁর বিচার চাওয়া হয়েছিল। এরপর বৃহস্পতিবার তাঁকে শোকজ করা হলো।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ছাত্রলীগের হুমকির মুখে ২০১৮ সালের ১৫ জুলাই ক্যাম্পাস ছাড়েন মাইদুল ইসলাম। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছিলেন এক ছাত্রলীগ নেতা। ওই মামলায় গত ওই বছর ৩৭ দিন কারাগারে ছিলেন তিনি। ওই সময় তাঁকে সাময়িক বরখাস্ত করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত তুলে নেয় কর্তৃপক্ষ। এরপর তিনি ক্যাম্পাসে ফিরেছিলেন।
মাইদুল ইসলাম বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্যতম সংগঠন ‘শিক্ষক নেটওয়ার্কের’ একজন সদস্য।

আরও পড়ুন

কারণ দর্শানো চিঠির বিষয়ে জানতে চাইলে মাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, এটি কোন আইনের বলে দেওয়া হয়েছে, তা আমি জানতে আগ্রহী। একজন নাগরিক ও শিক্ষক হিসেবে আমি আমার রাজনৈতিক মতামত প্রকাশ করেছি, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কোনো সম্পর্কই নেই। আমি জানতে আগ্রহী, কোন নিক্তি দিয়ে শিক্ষক সমিতি ও প্রশাসন এই ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া পরিমাপ করলেন এবং ভাবমূর্তি রক্ষার এই কর্তৃত্ব তাঁদের ওপর কে অর্পণ করলেন?’

মাইদুল ইসলাম আরও বলেন, ‘কোথায় কুৎসা রটনা করা হয়েছে, চিঠিতি এর কোনো সংযুক্তি নেই। মনগড়া অভিযোগে বেআইনিভাবে আমার প্রতি আইনানুগ ব্যবস্থা নিতে চায় শিক্ষক সমিতি আর বিশ্ববিদ্যালয় প্রশাসন। একেবারে সহজ কথা হলো, শেখ হাসিনার বা সরকারের পদত্যাগ চাওয়া কোনো অপরাধ নয়। এটি নাগরিক ও রাজনৈতিক অধিকারের চর্চামাত্র। আর এই চাওয়াটা আমার রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার।’