চট্টগ্রামে শনাক্ত ১৪০, মৃত্যু ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে পাঁচ ব্যক্তি মারা গেছেন। একই সময়ে নতুন করে ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্ত ১২ শতাংশ।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৯ হাজার ৬২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ২৩৭ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৯ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৫১ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজন শহরের ও দুজন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৩৭৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৪৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১১ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫৮৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২০৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্ত ছিল ১৩ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় দুই ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে পুনরায় সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখতে পারে, করোনাভাইরাসের এমন কোনো নতুন ধরনের (ভেরিয়েন্ট) উপস্থিতি আপাতত চট্টগ্রামে নেই বলে মনে করছেন একদল গবেষক। গত এক বছরে চট্টগ্রামে করোনার ৩০০টি নমুনার স্পাইক প্রোটিনের জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে এমনটাই মনে করছেন গবেষকেরা। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষক এ গবেষণা করেন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

আরও পড়ুন