কারাগারে থেকেও ছাত্রদল-যুবদলের দুই নেতা ককটেল বিস্ফোরণ মামলার আসামি
চট্টগ্রামের হাটহাজারী এলাকার ছাত্রদল-যুবদলের দুই নেতা এক মাস ধরে কারাগারে। অথচ, চলতি মাসের ১৫ জুন মারধর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পরদিন হওয়া মামলায় তাঁদের আসামি করা হয়েছে।
কারাগারে থেকেও মামলার আসামি হওয়া দুজন হলেন—হাটহাজারী পৌরসভা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম ও উপজেলার মেখল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দিদার।
১৬ জুন হাটহাজারী থানায় মামলাটি হয়। মামলার বাদী হাটহাজারী পৌরসভা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ জয়নাল আবেদীন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে ৫০ থেকে ৬০ জনকে।
কারাগারে থাকা রেজাউল ও দিদারই যে জয়নালের মামলার আসামি, তা থানা-পুলিশসহ একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ এমরান হোসেন মিয়া আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ‘রেজাউল ও দিদার নামের দুজন এক মাস ধরে আমাদের কারাগারে আছেন।’
পুলিশ ও কারা সূত্র জানায়, নাশকতার অভিযোগে হাটহাজারী থানার একটি পুরোনো মামলায় গত ৮ মে চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করেন রেজাউল। তাঁকে কারাগারে পাঠান আদালত।
রেজাউলের আইনজীবী রিয়াদ উদ্দিন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হয়। তাঁকে কারাগারে পাঠান আদালত। তখন থেকে তিনি কারাগারেই আছেন।
পুলিশ ও কারা সূত্র জানায়, একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দিদার পলাতক ছিলেন। গত ১৬ মে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৭। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি খুন হন। এই হত্যা মামলায় গত বছরের ৩০ মে পলাতক দিদারের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
দিদারের বড় ভাই মো. ফরিদ প্রথম আলোকে বলেন, তাঁর ছোট ভাই (দিদার) এক মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
জয়নালের মামলার অভিযোগে বলা হয়, ১৪ জুন চট্টগ্রাম নগরের জামাল খান এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। এই ঘটনায় নগরের বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে ১৫ জুন হাটহাজারী রাঙামাটি সড়কের হাটহাজারী সদরের ম্যাগপাই রেস্টুরেন্টের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটান আসামিরা। তাঁরা সড়কে টায়ারও জ্বালান। এর আগে তাঁরা ঝটিকা মিছিল নিয়ে সড়কে আসেন। তখন মামলার বাদীকে (জয়নাল) মারধর করেন আসামিরা।
কারাগারে থাকা সত্ত্বেও রেজাউল ও দিদারকে মামলার আসামি করার বিষয়ে জানতে গতকাল জয়নালের মুঠোফোনে কল করা হয়। তিনি বিশ্রাম নিচ্ছেন বলে কল কেটে দেন।
হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন প্রথম আলোকে গতকাল বলেন, ‘সেদিন (১৫ জুন) কোনো ঘটনা না ঘটলেও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করা হয়েছে। তার প্রমাণ, কারাগারে থাকা দুজনকে মামলায় আসামি করা।’
জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বাদী যে কাউকে মামলায় আসামি করতে পারেন। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।’