ইউপি চেয়ারম্যান সেলিমের জামিন শুনানি ১২ অক্টোবর
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানের জামিন আবেদনের ওপর পরবর্তী শুনানি আগামী ১২ অক্টোবর। আজ মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এই দিন ঠিক করেছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
এর আগে আসামি সেলিম খান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এ ব্যাপারে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন, আজ সেলিম খান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত দুই পক্ষের শুনানি নিয়েছেন। ১২ অক্টোবর আবার জামিনের পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। তবে এই সময় পর্যন্ত আসামি সেলিম খান আগে যেভাবে ছিলেন, সেভাবে থাকবেন।
ওই মামলায় ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এ সময়ের মধ্যে তাঁকে ঢাকার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ২০ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেন। একই সঙ্গে আসামি সেলিম খানকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণ করার আদেশ দেন। সেলিম খানের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী শাহিনূর ইসলাম।
চাঁদপুর সদরের ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে হাজারকোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎসহ তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান করছে দুদক। তাঁর বিরুদ্ধে প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে কারসাজি এবং মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারের বিপুল আর্থিক ক্ষতি করার প্রাথমিক সত্যতা পেয়েছেন দুদকের কর্মকর্তারা।
গত ১ আগস্ট সেলিমের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, সেলিম অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সেলিম যে সম্পদের বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে অসংগতি পাওয়া গেছে।