প্রাইভেট কারে যাত্রী তুলে ছিনতাই করতেন তাঁরা
ভোর থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকায় বাসস্ট্যান্ডের কাছে প্রাইভেট কার নিয়ে অপেক্ষায় থাকেন তাঁরা। ভাড়ায় নেওয়ার কথা বলে কারে যাত্রী তোলেন। এরপর যাত্রীবেশে আরও দুজন যাত্রীর দুই পাশে গিয়ে বসেন।
একপর্যায়ে তাঁরা যাত্রীর হাত বেঁধে ফেলেন। চোখে একধরনের চশমা পরিয়ে দেন। ওই চশমায় কিছু দেখা যায় না। এরপর যাত্রীর সর্বস্ব লুটে নেন। টাকাপয়সা না পেলে যাত্রীর পায়ে পেটাতে থাকেন। মুঠোফোনে আত্মীয়স্বজনের থেকে টাকা পাঠাতে বাধ্য করেন। এভাবে টাকাপয়সা হাতিয়ে নিয়ে যাত্রীকে সড়কের নির্জন এলাকায় ফেলে দেন।
বুধবার দুপুরে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কের সামনে অভিযান চালিয়ে এই চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। তাঁরা হলেন মফিজুল ইসলাম ওরফে সোহেল ওরফে মামা (৪৪), মোহাম্মদ আলী (৩৮) এবং চালক হান্নান মিয়া ওরফে হানিফ (২৮)। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি-ছুরি, লাঠি, হাত বাঁধার ফিতা ও বিশেষ চশমা জব্দ করা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, ১০ বছর ধরে তাঁরা এভাবে মানুষের কাছ থেকে টাকাপয়সা লুটে নিচ্ছিলেন।
ওসি বলেন, মাসিক ৩০ হাজার টাকায় প্রাইভেট কার ভাড়া নিয়ে তাঁরা এভাবে ছিনতাই-ডাকাতি করে আসছিলেন। কেউ বাধা দিলে হত্যার ভয় দেখাতেন চক্রের সদস্যরা। এক বছর আগে গ্রেপ্তার হলেও দুই মাসের মাথায় কারাগার থেকে বেরিয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা হয়েছে। চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।