কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপি
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ মোট ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ রোববার ডিএমপির এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্র বলছে, আওয়ামী লীগের ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে নাশকতায় জড়িত থাকার অভিযোগে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় জানায়নি ডিএমপি।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত শুক্রবার রাত থেকে বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়াসহ পেট্রলবোমা–ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে। নাশকতার অভিযোগে পুলিশ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শনিবার ঢাকা, গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তার হয়েছে ৬০ জন। এর আগের ২৪ ঘণ্টায় ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, মিছিল ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চলতি মাসের শুরু থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে অনলাইনে ‘লকডাউন’সহ নানা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনা ও যানবাহনে আগুন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।