আলালের বিষয়ে সবকিছু আইন মেনেই হয়েছে: ডিবি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আলাল উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু নির্যাতনের কারণে হয়েছে এমন অভিযোগের বিষয়ে বক্তব্য দিয়েছে ডিবি। আলালের মৃত্যুর এ ঘটনার ৯ দিন পর ডিবি জানায়, সব নিয়ম মেনেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তিনি মারা যান।
আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।
রাজধানীর বাউনিয়ায় ৫ জুন রাতে এক নারী খুন হন। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি তাঁর স্বামী। পরদিন সন্ধ্যায় ওই বাড়ির দারোয়ান আলাল উদ্দিনকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে ডিবি পুলিশ। ১০ জুন আলালকে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। সেখান থেকে ১৬ জুন সন্ধ্যায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে নেওয়ার পর তিনি মারা যান।
হারুন অর রশীদ বলেন, ‘আমি ঘটনার সময় দেশে ছিলাম না। আমি এসে যতটুকু জেনেছি, আইনকানুন মেনেই, আদালতের অনুমোদন নিয়েই সবকিছু হয়েছে। তিনি যেহেতু অসুস্থ, তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছিল।’
ডিবির প্রধান বলেন, পঙ্গু হাসপাতালে তিনি ছয় থেকে সাত দিন চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি বুকের ব্যথা অনুভব করলে তাঁকে হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে তিনি মারা যান। তাঁর ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
আলালের স্বজনদের অভিযোগ, ডিবি হেফাজতে নির্যাতনের কারণে আলাল মারাত্মক আহত হন এবং পরে মারা গেছেন। স্বজনেরা আরও অভিযোগ করেছেন, ৬ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নেওয়ার পর থেকে আলালের খোঁজ পাচ্ছিলেন না তাঁরা। তবে ডিবির ভাষ্য, ১০ জুন আলালকে গ্রেপ্তার করা হয়।