ঝগড়ার জেরে বন্ধুর হাতে খুন হয় কিশোর রাফসান: পুলিশ
ঝগড়ার জেরে বন্ধুর হাতে খুন হয়েছে রাজধানীর দক্ষিণখানের রাফসান হোসেন (১৭)। পুলিশ বলছে, এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রাফসানের কিশোর বন্ধু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ছুরিকাঘাতে খুন হয় রাফসান। রাতে তার মা বাদী হয়ে ওই কিশোরকে (১৬) একমাত্র আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন। মামলায় বলা হয়, তুচ্ছ ঘটনার জেরে রাফসানের সঙ্গে তার বন্ধুর কথা-কাটাকাটি হয়েছিল। এর ধারাবাহিকতায় রাফসানকে হত্যা করা হয়।
রাফসান পরিবারের সঙ্গে দক্ষিণখানের গাওয়াইরে থাকত। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে। রাফসানের বাবার নাম মুসলিম মিয়া। তিন ভাই ও দুই বোনের মধ্যে রাফসান ছিল ছোট।
পুলিশ জানায়, রাফসানের বড় ভাই আল আমিনের একটি চায়ের দোকান রয়েছে। গতকাল বিকেলে রাফসান দোকানে বসেছিল। এ সময় তার ওই বন্ধু দোকানে এসে বাকিতে সিগারেট চায়। রাফসান বাকি দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু দোকান থেকে কনডেন্সড মিল্কের কৌটা কাটার চাকু নিয়ে রাফসানের বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাফসানকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই কিশোরকে আটক করা হয়।
দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মো. ইয়াসিন গাজী আজ দুপুরে প্রথম আলোকে বলেন, রাফসান খুনে জড়িত কিশোর পড়াশোনা করত না। সে ছিল বখাটে স্বভাবের। রাফসান কিছুদিন মাদ্রাসায় পড়াশোনা করলেও একপর্যায়ে সে-ও পড়াশোনা বন্ধ করে দেয়। তারা দুজনে একসঙ্গে চলত।
পুলিশ কর্মকর্তা ইয়াসিন গাজী বলেন, গত মঙ্গলবার রাফসানের সঙ্গে ওই কিশোরের ঝগড়া হয়েছিল। তখন নাকি রাফসান ওই কিশোরকে মারধর করার হুমকি দিয়েছিল। গতকাল বিকেলে দোকানে এসে ওই কিশোর রাফসানের কাছে জানতে চায়, সে তাকে মারতে চেয়েছিল কেন। এরপর বাকিতে সিগারেট চায়। রাফসান দিতে অস্বীকার করায় চাকু মেরে পালিয়ে যায়।