মোহাম্মদপুরে বাড়ির ফটকের সামনে ছিনতাইয়ের ঘটনায় প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার
ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজেদের বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন দুই নারী। ওই ঘটনায় প্রধান সন্দেহভাজন জুয়েল ওরফে সোর্স জুয়েল ওরফে আরিফকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গোপন তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার এক অভিযানে নারায়ণগঞ্জ থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২-এর সিপিএসসি কোম্পানির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম। তিনি বলেন, মোহাম্মদপুরের বহুল আলোচিত এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় দুই নারী নিজেদের বাসার ফটকের সামনে ছিনতাইয়ের শিকার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি তাঁদের ভয় দেখিয়ে লাগেজ, ব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যান।
ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, ভুক্তভোগীরা ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফিরে বাসার সামনে পৌঁছানোর পর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ শুরু থেকেই এ ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করার কথা জানিয়ে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় র্যাবের অভিযানে প্রধান সন্দেহভাজন জুয়েলকে গ্রেপ্তার করা হলো।