রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির (গভর্নিং বডি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম নামের একটি সংগঠন। কমিটির এক সদস্যের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ‘ফাঁদে ফেলে’ হয়রানি করার অভিযোগ উঠেছে।
এরপর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে সংগঠনটি এই দাবি জানিয়েছে। গতকাল বুধবার রাতে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির এক সদস্য প্রতিষ্ঠানটির এক ছাত্রীকে ‘ফাঁদে ফেলে’ হয়রানি করেছেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা কমিটি। গতকাল পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
পরিচালনা কমিটির সদস্যসচিব ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি মুঠোফোনে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এক মাসের সময় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালনা কমিটির ওই সদস্যের নৈতিক স্খলনের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
পরিচালনা কমিটির ওই সদস্যের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তুলে অভিভাবক ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অভিযোগের ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।