চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাইক্রোবাস ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে দুজনকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ হত্যার ঘটনায় দুই ছাত্রসহ সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চালক আবদুল হাকিম হত্যার ঘটনায় সাতজন জড়িত ছিলেন।

গত বছরের ৩০ নভেম্বর সকালে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকার ট্রাফিক পুলিশ কার্যালয়ের সামনে মাইক্রোবাসের ভেতর থেকে চালক মোহাম্মদ আবদুল হাকিমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার (প্রকৃত বাড়ি ভোলা জেলায়) মো. শাহীন (২০) ও ভোলা জেলার লালমোহন থানার মো. মহসিন (২১)। শাহীন পেশায় গাড়িচালক এবং মহসিন নগরীর গুলজার টাওয়ারে এক দোকানের কর্মচারী।

এর আগে গত রোববার রাতে গ্রেপ্তার হওয়া দুই তরুণ মাইনুর রশিদ তামিম ও সাব্বির হোসেন গতকাল চট্টগ্রাম বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। মাইনুর রশিদ তামিম নগরীর বহদ্দারহাট উদ্দীপন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ইলেকট্রনিকস বিষয়ে এবং সাব্বির হোসেন বাকলিয়া দেলোয়ার জাহান মেমোরিয়াল কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে প্রথম আলোকে জানান।

নিহত চালকের বড় ছেলে মামলার বাদী মোহাম্মদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে পটিয়া থানা থেকে খবর পেয়েছি, বাবার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাই থানায় এসেছি। আমি আমার বাবার হত্যাকারীদের দ্রুত বিচার চাই। আমার মতো এভাবে কেউ যেন বাবাহারা না হন।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ প্রথম আলোকে বলেন, মাইক্রোবাস ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আবদুল হাকিমের হত্যাকাণ্ডে অংশ নেওয়া সাতজনের মধ্যে গত দুই দিনে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।