দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে দেশটির কুইন্সটাউন শহরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. দুলাল মিয়া (৪২)। তিনি উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের হিরাপুর গ্রামের আবদুল মালেক সর্দারের ছেলে। দুলালের হত্যার বিষয়টি দেশে পরিবারকে জানিয়েছেন তাঁর দক্ষিণ আফ্রিকাপ্রবাসী চাচাতো ভাই জাহাঙ্গীর আলম।
মুঠোফোনে পরিবারকে জাহাঙ্গীর আলম জানান, গতকাল দিবাগত রাত ১০টার দিকে কুইন্সটাউন শহরে নিজ দোকানে বেচাকেনা করছিলেন দুলাল। এ সময় অজ্ঞাতনামা তিন থেকে চারজন সন্ত্রাসী দোকানে ঢুকে মালামাল লুট করতে থাকে। বাধা দেওয়ার চেষ্টা করলে তারা দুলালের মাথায় গুলি করে। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে দোকানের ভেতর লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন দুলালকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাতুভূঁঞা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক জগলু বলেন, দুলাল ২০০৮ সালে বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে গিয়ে তিনি প্রথমে কিছুদিন অন্যের দোকানে চাকরি করেন। পরে নিজেই কুইন্সটাউন শহরে ব্যবসা শুরু করেন। বাড়িতে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি জানান, নিহত দুলালের লাশ বাড়ি আনার জন্য সে দেশে প্রস্তুতি শুরু হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম শিকদার বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দুলাল নামে একজনের মৃত্যুর খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি।