মামলা দায়ের, গ্রেপ্তার হয়নি প্রধান আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ এবং আবারও খুঁজতে এসে না পেয়ে বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় তরুণী বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেছেন। মঙ্গলবার রাতে পাঁচজনকে আসামি করে মামলাটি করা হয়। মামলার প্রধান আসামি শামীম মিয়াকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।

এ ঘটনায় এখন পর্যন্ত লিটন মিয়া (৩০), আকাই মিয়া (২৭), আলম মিয়া (২৮) ও দিলাক মিয়া (২৫) নামের চারজনকে আটক করা হয়েছে। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

পুলিশ, এলাকাবাসী ও ওই তরুণীর করা মামলার বিবরণ থেকে জানা গেছে, সাত বছর আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর দাম্পত্য বিরোধ দেখা দিলে একমাত্র ছেলেকে নিয়ে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার বাড়িতে চলে যান। এর পর থেকে বখাটে শামীম ওই তরুণীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। এক মাস আগে শামীম তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ করেন। শামীমের হাত থেকে বাঁচতে মেয়েটি নবীগঞ্জ উপজেলার একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ নিয়ে বাবার বাড়ি থেকে চলে যান। সোমবার রাত ১২টার দিকে বখাটে শামীম তাঁর লোকজনকে নিয়ে মেয়েটির বাবার বাড়িতে যান। মেয়েকে না পেয়ে বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মুসলেহ উদ্দিন মামলা দায়েরের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে। প্রধান আসামি শামীমকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। প্রধান অভিযুক্ত শামীমকে গ্রেপ্তারে জোর তৎপরতা অব্যাহত আছে।’