সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় এই মামলা করেন। মামলায় অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।

ক্যাম্পাসের পুলিশ ক্যাম্পের পাশে শিক্ষক সমিতির আমরণ অনশন কর্মসূচি চলাকালে গতকাল সন্ধ্যায় বহিরাগত দুর্বৃত্তরা সেখানে হামলা চালায়। দুর্বৃত্তরা তিনজন শিক্ষককে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে পার্কের মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। রাত পৌনে আটটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক, সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান ও শিক্ষার্থী শাহজাহান আলী আহত হন। এ ছাড়া ইটপাটকেলের আঘাতে চার পুলিশ কনস্টেবল অহত হন।
মামলার বাদী শফিকুল ইসলাম আজ বুধবার জানান, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরসহ যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করেন। এ ছাড়াও তাঁদের ইটপাটকেলে পুলিশের চারজন কনস্টেবল আহত হন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে এ মামলা করা হয়েছে।
এ দিকে আমরণ অনশনের মঞ্চ ভেঙে দেওয়া ও শিক্ষকদের মারধরের অভিযোগে আজ বেলা ১১ টার দিকে শিক্ষক সমিতির নেতৃত্বাধীন সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ। তিনি বলেন, উপাচার্যের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা শিক্ষকদের ওপর এই হামলা করেছে। উপাচার্যের পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা হতে পারে না। উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম বলেন, দীর্ঘ চার মাস ধরে একটি বিশ্ববিদ্যালয় একেবারেই বন্ধ। বিষয়টি ছোট করে দেখার বিষয় নয়। সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
২৭ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে গত বছরের ২ নভেম্বর থেকে শিক্ষক সমিতি আন্দোলন করে আসছে। পরবর্তী সময়ে উপাচার্যের পদত্যাগের এক দফার আন্দোলনের ডাক দিয়ে প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনের প্রধান ফটকে তালা মেরে দিলে প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: