সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী আতাসহ রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩
ঢাকার ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে র্যাব-৪-এর সঙ্গে গুলিবিনিময়ের ঘটনাটি ঘটে বলে দাবি করেছে র্যাব।
র্যাবের দাবি, নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। এঁদের মধ্যে দুজনের নাম জানা গেছে। এঁরা হলেন আতাউর রহমান ওরফে আতা ও গোলাম মোস্তফা। র্যাবের দাবি, আতা সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভাষ্য, মাদকবিরোধী অভিযান চলায় আতা সাভার থেকে পালিয়ে ভাষানটেক এলাকায় অবস্থান নেন। র্যাব-৪ গতকাল রাত তিনটার দিকে অভিযান চালায়। তিন ঘণ্টা গোলাগুলি চলে। একপর্যায়ে আতা আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যাব-৪-এর অপারেশন অফিসার এএসপি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ইয়াবার পরিমাণ ১৮ থেকে ২০ হাজার হবে। আতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ ২০টির মতো মামলা রয়েছে।