৫ জেলায় বিএনপি ও জামায়াতের ১৩৯ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির একতরফা নির্বাচনের বছর পূর্তিতে নাশকতা সৃষ্টির আশঙ্কা ও বিভিন্ন মামলায় পাঁচ জেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁদের আটক করা হয়।
যশোর: যশোরে আটক করা হয়েছে ৫১ জনকে। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রথম আলোকে বলেন, নাশকতা সৃষ্টির আশঙ্কায় সাতজনকে ও ৪৪ জনকে বিভিন্ন মামলায় আটক করা হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির চারজন, জামায়াতের ৪৫ জন ও ছাত্রশিবিরের দুজন কর্মী রয়েছেন।
বগুড়া: জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮৪ জনকে আটক করা হয়েছে। জেলা বিএনপির একাধিক শীর্ষ নেতা অভিযোগ করেছেন, ৫ জানুয়ারি সামনে রেখে পুলিশ তাঁদের নেতা-কর্মীদের বিরুদ্ধে গণগ্রেপ্তার শুরু করেছে। কোনো রকমের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক করা হচ্ছে নেতা-কর্মীদের।
তবে জেলা পুলিশের সহকারী পুলিশ (এএসপি) সুপার গাজিউর রহমান ৮৪ জনকে গ্রেপ্তার করার কথা স্বীকার করলেও দাবি করেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা মামলার আসামি। ২৪ ঘণ্টায় বগুড়া সদর থানার পুলিশ ৩১ জন ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ১০ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া শিবগঞ্জে পাঁচজন, সোনাতলায় তিনজন, সারিয়াকান্দিতে পাঁচজন, গাবতলীতে তিনজন, ধুনটে পাঁচজন, শেরপুরে ছয়জন, নন্দীগ্রামে তিনজন, আদমদীঘিতে চারজন, শাজাহানপুরে সাতজন এবং দুপচাঁচিয়া ও কাহালুতে একজন করে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানার পুলিশ। এএসপি দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
ব্রাহ্মণবাড়িয়া: কসবা পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল খাঁ (২৫) ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি দুলাল ভূইয়াকে (৪৫) তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলম বলেন, গতকাল তাঁদের ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সিরাজগঞ্জ: সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। নলকা ইউনিয়নের সেনগাঁতী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা নেতার বিরুদ্ধে মহাসড়কে গাড়ি পোড়ানো, পুলিশের ওপর হামলাসহ নাশকতার ঘটনার কয়েকটি মামলা রয়েছে।
গাইবান্ধা: পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি এবং উপজেলা জামায়াতের রোকন রফিকুল ইসলামকে গতকাল শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছ পুলিশ। গ্রেপ্তার করা রফিকুল পুলিশের ওপর হামলা, একাধিক নাশকতা মামলার আসামি বলে জানান পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: যশোর অফিস; বগুড়া, সিরাজগঞ্জ ও কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ও গাইবান্ধা প্রতিনিধি}