ওই বই বিক্রি করবে না আদর্শ, বিনিময়ে স্টল বরাদ্দ চায় প্রকাশনা সংস্থাটি
অমর একুশে বইমেলায় ফাহাম আবদুস সালামের লেখা ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে' বইটি প্রদর্শন ও বিক্রি করবে না বলে জানিয়েছে প্রকাশনা সংস্থা আদর্শ। এর বিনিময়ে বইমেলায় প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়ার জন্য বাংলা একাডেমির কাছে আবেদন করেছে প্রকাশনা সংস্থাটি।
বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর প্যাভিলয়ন বরাদ্দের বিষয়টি পুনর্বিবেচনা করতে গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) আবেদন করেন আদর্শের স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমান।
আবেদনপত্রে বলা হয়, অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ প্যাভিলিয়নের জন্য আবেদন করেছে। কিন্তু গত বছর আদর্শ থেকে প্রকাশিত ফাহাম আবদুস সালামের ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে' বইটি নিয়ে বিতর্ক ওঠায় স্টল বরাদ্দ ও লটারি তালিকা থেকে আদর্শকে বাদ দেওয়া হয়। বৃহত্তর স্বার্থ বিবেচনায় আমরা বইটি মেলায় প্রদর্শন ও বিক্রি থেকে বিরত থাকব এবং বইমেলার নীতিমালা অনুসরণ করব।
পাশাপাশি বইমেলার নীতিমালা নিয়ে আপত্তিটুকু জানিয়ে আবেদনপত্রে বলা হয়, ‘আশা করি, বইমেলা কমিটির সদস্যরা পরবর্তী সময়ে বইমেলার নীতিমালা পুনর্বিবেচনা করবেন। আমরা চাই, অমর একুশে বইমেলা ও বাংলা একাডেমির সুনাম ও গ্রহণযোগ্যতা সর্বস্তরের জনমানুষের মধ্যে অক্ষুণ্ণ থাকুক। সবার অংশগ্রহণে বইমেলা প্রকৃতপক্ষেই একটি জাতীয় আয়োজন হয়ে উঠুক, এটাই প্রত্যাশা। অতএব, আবেদনটি গ্রহণ করে আদর্শকে প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’