‘দেশে বিচারহীনতা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকী হত্যার ১২১ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচি। শনিবার সন্ধ্যায় নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তন প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২১ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শনিবার সন্ধ্যায় নগরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তারা ত্বকীর খুনিদের আইনের আওতায় এনে বিচার শুরুর দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, ন্যাপের জেলার সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভানেত্রী লক্ষ্মী চক্রবর্তী, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, আয়োজক সংগঠনের সহসভাপতি ধীমান সাহা প্রমুখ।

আরও পড়ুন

আলোক প্রজ্বালন কর্মসূচিতে আয়োজক সংগঠনটির সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, জিয়াউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রফিউর রাব্বি বলেন, দেশে বিচারহীনতা এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সরকার মানুষের বিচার পাওয়ার অধিকার, ভোট দেওয়ার অধিকারসহ সাংবিধানিক অধিকারগুলো হরণ করে এক দুর্বৃত্তশক্তি প্রতিষ্ঠা করেছে। সরকারের অন্যায়, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে কথা ও কলমে মানুষের প্রতিবাদ বন্ধ রাখার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এ জন্য ১০ বছর পেরিয়ে গেলেও ত্বকী হত্যার বিচার শুরু হয় না। সাগর-রুনি ও তনু হত্যার বিচার হয় না। বিচারব্যবস্থার চেয়ে এর দায় বেশি সরকারের।

আরও পড়ুন

রফিউর রাব্বী আরও বলেন, আজ সরকার বিরোধিতাকে রাষ্ট্রের বিরোধিতা বলে আখ্যা দিচ্ছে সরকার। ভয় দেখিয়ে গণমাধ্যম ও ভিন্নমত দমন করে, বাক্‌স্বাধীনতাকে হরণ করে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে। অথচ মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, মানুষের কথা বলার অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য, বৈষম্যমুক্ত সমাজের জন্য। আজ সবকিছুকে দলীয়করণ করতে গিয়ে মুক্তিযুদ্ধের অর্জনগুলো ধ্বংস করেছে সরকার। তিনি ত্বকী, সাংবাদিক সাগর-রুনি, তনুসহ নারায়ণগঞ্জের সব হত্যার বিচার দাবি করেন।

বক্তারা বলেন, ১০ বছরেও ত্বকী হত্যার বিচার হয়নি। বিচারের দাবিতে এখনো আন্দোলন করতে হচ্ছে। সরকারের প্রশ্রয়ে থাকায় খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না। সরকারকে খুনিদের পক্ষে নয়, জনগণের পক্ষে দাঁড়িয়ে ঘাতকদের বিচার শুরু করার দাবি জানান তাঁরা।

আরও পড়ুন

২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর তানভীর মুহাম্মদ ত্বকী নিখোঁজ হন। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়।

২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র‍্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাঁদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছেন। অচিরেই তারা আদালতে অভিযোগপত্র পেশ করবে। কিন্তু সেই অভিযোগপত্র আজও আদালতে দাখিল করা হয়নি। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।