মধুখালীতে ইউএনওর ওপর হামলার মামলায় গ্রেপ্তার আরও ২, আ.লীগ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁরা হলেন ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শহিদুল ইসলাম (৩০) ও জাহিদুল ইসলাম (৫২)।

এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাকিব আহমেদকে ইউএনওর গাড়িচালক সুমন শেখের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার তাঁকে আটক করা হয়।
তিনজনকেই দুটি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তাঁদের কাউকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়নি।

আরও পড়ুন

এ ঘটনায় করা দুটি মামলায় এই নিয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহ আসাদুজ্জামানসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ছয়জনকে ইউএনওর গাড়িচালক সুমন শেখের করা মামলায় ও দুজনকে মধুখালী থানার উপপরিদর্শক প্রবীর কুমার সরকারের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

একই সঙ্গে ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানকে সাময়িকভবে বরখাস্ত করেছে সরকার। গতকাল দুপুরে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত বৃহস্পতিবার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি নির্মাণ ও জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইউএনওর দেহরক্ষী আনসার সদস্যের হাতে এক নারী রক্তাক্ত জখম হলে এলাকাবাসীর হামলায় ইউএনও, আনসার, পুলিশ, ৪ নারীসহ ১৫ জন আহত হন। হামলার সময় ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও পড়ুন

এ ঘটনায় করা দুটি মামলাতেই ১ নম্বর আসামি করা হয়েছে ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মাদ আসাদুজ্জামানকে। গত সোমবার আসাদুজ্জামানের দুই দিন এবং অপর তিন আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন ফরিদপুরের ৫ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান। ইউপি চেয়ারম্যানের পুলিশি রিমান্ড গতকাল শুরু হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যানের রিমান্ডের সময়সীমা শেষ হওয়ার পর তাঁকে বৃহস্পতিবার দুপুরে আদালতে নেওয়া হবে। সেখানে পুলিশের করা মামলায় তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর জন্য আবেদন করা হবে। আদালত এ আবেদন গ্রহণ করলে এবং পরবর্তী সময়ে প্রয়োজন মনে হলে পুলিশের করা মামলায় তাঁকে রিমান্ডের আবেদন জানানো হতে পারে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ ওরফে পিয়ার বলেন, ‘মধুখালীর ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নজর রাখছে। তাঁদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলব।’