ভোলার গ্যাস নিয়ে এবার আন্দোলন শুরু করেছেন। এর লক্ষ্য কী?
মনীষা চক্রবর্তী: এর লক্ষ্য একটাই আমাদের গ্যাস আমাদের এলাকা অগ্রাধিকার ভিত্তিতে পাক। বরিশাল বিভাগের সব জেলার শিল্প ও আবাসিক খাতে এ গ্যাস সরবরাহ নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। কারণ, আমাদের যোগাযোগব্যবস্থা নদীনির্ভর ছিল এত দিন। পদ্মা সেতু চালুর পর সারা দেশেরে সঙ্গে এ বিভাগের সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। পাশাপাশি আমাদের কৃষি, মৎস্য, পর্যটন ও অন্যান্য খাতে ব্যাপক সম্ভাবনা থাকলেও শিল্পায়নে গতি পাচ্ছে না। বিকাশ ঘটছে না। এর পেছনে একটাই কারণ, গ্যাস না থাকা। তাই আমরা চাই ভোলাসহ বরিশাল বিভাগের সব জেলায় গ্যাস সরবরাহ নিশ্চিত হোক। এটা এখন এ অঞ্চলের সব মানুষের দাবি।
প্রশ্ন :
বরিশাল অঞ্চলে কেন গ্যাসের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন?
মনীষা চক্রবর্তী: জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, তার বড় ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ। সে ক্ষেত্রে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান হচ্ছে না, দারিদ্র্যহার কমছে না, বরং বৃদ্ধি পাচ্ছে। এটা অশনিসংকেত। এ জন্য এ অঞ্চলে দারিদ্র্য কমাতে, সম্ভাবনাগুলোকেও কাজে লাগাতে ভোলার গ্যাস একটি কার্যকর সমাধান হতে পারে। আমরা এ জন্যই এই প্রয়োজনীয়তা অনুভব করছি।
ভোলার গ্যাস যে প্রক্রিয়ায় ঢাকায় পাঠানো হচ্ছে, তা নিয়ে আপনাদের অবস্থান কী?
মনীষা চক্রবর্তী: সঞ্চালন লাইন না থাকায় ভোলা থেকে উত্তোলন করা গ্যাস জাতীয় গ্রিডে আনা যাচ্ছে না। এ অবস্থায় ভোলা থেকে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) হিসেবে সিলিন্ডারে ভরে গ্যাস পৌঁছে দেওয়া হবে শিল্পকারখানায়। এ জন্য গত ২১ মে উত্তোলনের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই হয়েছে। ভোলা থেকে গ্যাস সরবরাহের দায়িত্ব পেয়েছে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকো। চুক্তি অনুযায়ী, ইন্ট্রাকো সরকারের কাছ থেকে প্রতি ঘনমিটার গ্যাস ১৭ টাকা দরে কিনে ৪৭ টাকা ৬০ পয়সা দরে বিক্রি করবে। এর আগে ১০ মে ভোলার গ্যাস সিএনজি আকারে তিতাসের আওতাধীন শিল্পকারখানায় সরবরাহের বিষয়ে একটি পরিপত্র জারি করে জ্বালানি বিভাগ। এতে গ্যাসের দাম, বিতরণকারী প্রতিষ্ঠানের কমিশন, গ্যাস সরবরাহকারীর জন্য পালনীয় শর্তের বিষয় উল্লেখ করা হয়েছে। এখন সে অনুযায়ী এ গ্যাস ঢাকায় নেওয়ার উদ্যোগ চূড়ান্ত। আমরা চাই, এই চুক্তি বাতিল করে পাইপলাইন স্থাপনের মাধ্যমে এটা বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহের উদ্যোগ নেওয়া হোক।
প্রশ্ন :
আপনারা কি আগে এমন দাবি তুলেছিলেন, নাকি ইন্ট্রাকোর সঙ্গে চুক্তির পরই সোচ্চার হয়েছেন?
মনীষা চক্রবর্তী: না, আমরা দীর্ঘদিন ধরেই এ দাবি করে আসছি। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালে এক জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের কলকারখানায় ও আবাসিক খাতে ভোলার গ্যাসের সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এ দাবি বাস্তবায়নে এখনো তেমন কোনো উদ্যোগ না থাকলেও ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তর করে সিলিন্ডারে ঢাকার শিল্পাঞ্চলে সরবরাহের চুক্তি করার পর এ দাবি আরও সোচ্চার হয়েছে। এ জন্য জনমত গঠন ও আন্দোলনে সাংগঠনিক কাঠামোগত আন্দোলন শুরু হয়েছে। এতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ।
সরকার ভোলার গ্যাস বরিশালের কলকারখানা ও আবাসন খাতে সরবরাহ করে, তবে কি ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি বাতিলের দাবি থেকে সরে দাঁড়াবেন?
মনীষা চক্রবর্তী: এটা কখনোই নয়, কেননা ভোলার গ্যাস বিক্রি করে ইন্ট্রাকো প্রচুর অর্থ উপার্জন করবে। তারা ভোলা থেকে মাত্র ১৭ টাকায় গ্যাস কিনছে। অথচ তারা ঢাকায় ৪৭ টাকা ৬০ পয়সা দরে গ্যাস বিক্রি করবে। সরকার এ কোম্পানিকে এত কম মূল্যে কেন গ্যাস দিল, সেটাও জনগণের প্রশ্ন। দেশে তো আরও অনেক কোম্পানি আছে। তাদের কাছে তো সরকার এত কম মূল্যে গ্যাস বিক্রি করছে না। সুতরাং ভোলার গ্যাসের সঙ্গে আমাদের দক্ষিণাঞ্চলের অর্থনীতির বিষয় জড়িত। এ কারণেই আমরা ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি। আর পাইপলাইনে গ্যাস সরবরাহের কোনো প্রতিশ্রুতিকে আমরা মানব না। সিলিন্ডার ভর্তি করে যদি ভোলার গ্যাস ঢাকায় নেওয়া যায়, তাহলে ভোলাসহ দক্ষিণাঞ্চলে কেন সরবরাহ করা যাবে না? আগে এটা সরবরাহের উদ্যোগ নিতে হবে। তারপর অন্য কথা।
প্রশ্ন :
দাবি পূরণ না হলে কী করবেন?
মনীষা চক্রবর্তী: অবশ্যই দাবি পূরণ না হলে ধাপে ধাপে আমরা আন্দোলনে যাব। ৩০ জুলাই থেকে পুরো বিভাগজুড়ে শুরু হবে দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। এরপর ১১ আগস্ট হবে বিভাগীয় প্রতিনিধি সভা। সেখানে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা ঘরে ফিরব না। এটা শুধু আমাদের একার দাবি নয়, গোটা দক্ষিণাঞ্চলবাসীর। আমরা আশা করছি, এ আন্দোলনকে দাবি বাস্তবায়নের শেষ পর্যন্ত নিয়ে যেতে পারব।
ভবিষ্যতে আর কী ধরনের কর্মসূচির ঘোষণা আসতে পারে?
মনীষা চক্রবর্তী: নতুন কর্মসূচির মধ্যে থাকবে লংমার্চ। বরিশাল বিভাগের সব জেলাকে যুক্ত করে বরিশাল থেকে ভোলায় লংমার্চ করব। এই লংমার্চের মাধ্যমে সরকারকে আমাদের আন্দোলনের বিষয়ে জানান দিতে চাই। এতেও দাবি পূরণ না হলে আমরা হরতালের মতো কর্মসূচি দিতেও পিছপা হব না। দাবি আদায়ে যা যা করা প্রয়োজন, আমরা তা-ই করতে প্রস্তুত।
গ্যাসের দাবি তো ক্ষমতাসীন ও বিরোধী দলসহ সব মানুষের, কিন্তু সবাই কি আপনাদের আন্দোলনের সঙ্গে যুক্ত?
মনীষা চক্রবর্তী: হ্যাঁ, এটা আমাদের সবার দাবি এবং জনগণের দাবি। এ জন্য আমরা এটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে রেখেছি। আমাদের এ আন্দোলনকে উন্মুক্ত রেখেছি। যে কেউ চাইলে আমাদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে পারে। প্রগতিশীল রাজনৈতিক দলগুলো আমাদের এ আন্দোলনের সঙ্গে আছে।
প্রশ্ন :
এ আন্দোলন করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন বা হয়েছেন?
মনীষা চক্রবর্তী: বাধা আসবে জেনেও আমরা আন্দোলনে নেমেছি। এখন পর্যন্ত বড় কোনো বাধা আসেনি। তবে ইতিপূর্বে আমরা নগরীর বিভিন্ন এলাকায় যে পথসভা করেছি, সেখানে ক্ষমতাসীন দলের স্থানীয় কিছু লোক আমাদের কর্মীদের এ ব্যাপারে নিরুৎসাহিত করেছে।
বরিশালের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তারা কি সমর্থন করছেন?
মনীষা চক্রবর্তী: এখনো শিল্পোদ্যোক্তাদের কাছ থেকে কিংবা ব্যবসায়ী সমিতি থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সমর্থন, সহযোগিতা পাইনি।
প্রশ্ন :
বরিশালের নাগরিক সমাজ কি এ সংগ্রামে অংশ নিচ্ছে? তারা কীভাবে সহযোগিতা করছে?
মনীষা চক্রবর্তী: হ্যাঁ, নাগরিক সমাজ আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এমনকি সব শ্রেণি-পেশার মানুষের ভীষণ সাড়া পাচ্ছি। তারা সাংগঠনিকভাবে আমাদের সঙ্গে না থাকলেও ব্যক্তি উদ্যোগে আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। এটাই আমাদের বড় শক্তি।