শ্রীপুরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে আওয়ামী লীগের ধাওয়া
গাজীপুরের শ্রীপুরের ১ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিলে আওয়ামী লীগের ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের এক নেতার দাবি, মিছিল থেকে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, অবরোধের সমর্থনে সকাল সাড়ে সাতটার দিকে শ্রীপুরের ১ নম্বর সিঅ্যান্ডবি পলক ফিলিং স্টেশনের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলে বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক এস এম রফিকুল ইসলাম নেতৃত্ব দেন। অর্ধশতাধিক লোকজনের মিছিলে অনেকের হাতেই লাঠিসোঁটা ছিল। তাঁরা একটি ব্যানারও বহন করছিলেন।
স্থানীয় বাসিন্দা মো. তাজুল ইসলাম বলেন, মিছিল থেকে মহাসড়কে চলাচল করা একটি গাড়িতে হামলার চেষ্টা করা হয়। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাঁদের ধাওয়া দেন। এতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। তিনি আরও বলেন, অবরোধের সমর্থনে মিছিল চলাকালে সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। মিছিল শুরু হলে সড়ক ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একই এলাকার আরেক বাসিন্দা শামীম আহমেদ বলেন। মিছিলকারীরা ওই সড়কের প্রায় আধা কিলোমিটারজুড়ে প্রদক্ষিণ করেন। এ সময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন বলেন, বিএনপির লোকজন মিছিল নিয়ে বের হয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালান। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়ায় তাঁরা গাড়ি ভাঙচুর করতে পারেননি। প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার সময় বিএনপির লোকজন তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গাড়িতে হামলার চেষ্টা হচ্ছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। পুলিশের গাড়ি দেখে হামলাকারীরা পালিয়ে গেছেন। ককটেল বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেছে কি না, তা জানেন না।
বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা অবরোধের সমর্থনে মিছিল করেছি। আওয়ামী লীগের লোকজন বাধা দিতে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হননি। শত প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’