রূপপুরে রুশ নারীর মৃত্যু স্বাভাবিক নয় বলছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ফাইল ছবি: প্রথম আলো

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে রুশ নারীর মৃত্যু স্বাভাবিক নয় বলছে পুলিশ। পুলিশের ধারণা, ওই নারীকে হত্যা করা হয়েছে। এ–সংক্রান্ত কিছু আলামত পুলিশ পেয়েছে। তবে তদন্তের স্বার্থে তারা আগেই কিছু বলতে চাইছে না।
নিহত ওই নারীর নাম রিয়াবোভা গুলনারা (৫১)। তিনি রূপপুর প্রকল্পে ‘এটমস্ট্রয়এক্সপোর্ট’ (এএসই) নামে একটি রুশ কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির আবাসিক এলাকার ১৩ নম্বর ভবনের ১৪৬ নম্বর কক্ষে থাকতেন। তাঁর সঙ্গে তাঁর স্বামীও থাকতেন।

পুলিশ জানায়, রিয়াবোভা গুলনারা প্রতিদিনের মতো বুধবার রাতে নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর আর কক্ষ থেকে বের হননি। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে থানায় খবর দেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। লাশ কক্ষের ভেতরে শৌচাগারে পড়ে ছিল।
জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাত আটটার দিকে প্রথম আলোকে জানান, ওই নারীর মৃত্যু স্বাভাবিক নয়। তাঁর গলায় আঘাতের চিহ্ন আছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী অচেতন।

আরও পড়ুন

জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত নারীর স্বামী অস্বাভাবিক অবস্থায় থাকায় চিকিৎসকেরা তাঁকে ঘুমের ইনজেকশন দিয়েছেন। তিনি ঘুমাচ্ছেন।