ফরিদপুরে শ্রমিক লীগ নেতার ‘চেম্বারে’ সুপ্রিম পার্টির কার্যালয়
নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলা নতুন রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একটি কার্যালয় রয়েছে ফরিদপুরে। শহরের গোয়ালচামট এলাকায় এক শ্রমিক লীগ নেতার ‘চেম্বারে’ সাইনবোর্ড টাঙিয়ে দুই বা তিন মাস আগে এই কার্যালয় খোলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুরে দলটির একটি কমিটি রয়েছে। দলটির সবাই মাইজভান্ডারী তরিকার অনুসারী। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলা আরেক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কোনো কার্যক্রম ফরিদপুরে পাওয়া যায়নি।
সরেজমিনে ফরিদপুর শহরে গোয়ালচামট এলাকার মহিম স্কুলের মোড় এলাকায় দেখা যায়, মৌ সুপারমার্কেটের একটি গলির মাথায় বিএসপির কার্যালয়ের সাইনবোর্ড। সেখানে একটি মোটরসাইকেল গ্যারেজ রয়েছে। গ্যারেজের পাশে একটি ঘর তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। ওই মার্কেটের মালিক ফরিদপুর শ্রমিক লীগের একাংশের সভাপতি আক্কাস হোসেন। যে ঘরটি বিএসপির কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটি মূলত শ্রমিক নেতা আক্কাস হোসেনের ‘চেম্বার’।
মোটরসাইকেল গ্যারেজের এক কর্মী জানান, দুই বা তিন মাস আগে আক্কাস হোসেন সুপ্রিম পার্টির সাইনবোর্ডটি এনে ঝুলিয়ে রাখতে বলেন। তারপর তিনি সাইনবোর্ডটি ঝুলিয়ে দেন।
যোগাযোগ করা হলে আক্কাস হোসেন বলেন, সুপ্রিম পার্টির সদস্যরা মাইজভান্ডারী তরিকার অনুসারী। ফরিদপুরে সুপ্রির পার্টির সভাপতি খলিফা শফিউদ্দিন ও সাধারণ সম্পাদক হারেজ মোল্লা।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএসপির ফরিদপুরের সভাপতি খলিফা শফিউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের এই কমিটি ২০২১ সালের শেষের দিকে গঠন করা হয়েছে। ৪১ সদস্যবিশিষ্ট কমিটির সবাই মাইজভান্ডারী তরিকার অনুসারী। দলের প্রধান বাবা সাহেবউদ্দিন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার বাসিন্দা।
নতুন রাজনৈতিক দল সম্পর্কে খলিফা শফিউদ্দিন বলেন, দলীয় প্রধান সাহেবউদ্দিন গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। নির্বাচন করতে হলে দলীয় পরিচয় থাকলে ভালো হয়। ফলে এ পার্টি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘জামায়াতের চাপে আমরা কোনঠাসা হয়ে আছি। জামায়াত মাজার পছন্দ করে না। এ জন্য নিজেদের শক্তি সংহত করার জন্য আমাদের এ রাজনৈতিক দল করা।’
শ্রমিক লীগ নেতার চেম্বারে কার্যালয় করার বিষয়ে জানতে চাইলে খলিফা শফিউদ্দিন বলেন, এখনো তাঁরা নতুন কার্যালয় স্থাপনের সক্ষমতা অর্জন করেননি। শ্রমিক লীগের নেতা আক্কাস হোসেনও মাইজভান্ডারী তরিকার সঙ্গে জড়িত। ফলে তাঁর সঙ্গে চুক্তি করে কার্যালয় খোলা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, নির্বাচন কমিশন তাঁর কাছ থেকে শুধু সুপ্রিম পার্টির তথ্য চেয়েছে। তিনি তদন্ত করে সুপ্রিম পার্টির অস্তিত্ব পান। তবে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) নামে কোনো রাজনৈতিক দল আছে বলে তাঁর জানা নেই।
ইসির নিবন্ধন পেতে ৯৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) নামের দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। ইসি গতকাল এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই দুই দলের তেমন কোনো কার্যক্রম চোখে পড়ে না। দল দুটিকে অনেকে দেখছেন ‘কিংস পার্টি’ হিসেবে। নির্বাচন কমিশন ও এর কর্মকর্তাদের কারও কারও মধ্যে এই দল দুটিকে নিবন্ধন দেওয়া নিয়ে অস্বস্তি আছে বলেও একটি সূত্র জানিয়েছে।