রায়পুরায় সাবেক ইউপি সদস্য হত্যার ঘটনায় চেয়ারম্যানসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদীর রায়পুরায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. স্বপন আহমেদকে (৪২) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের তিন দিন পর গতকাল সোমবার রাতে নিহত স্বপনের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি করেন। মামলায় বাঁশগাড়ি ইউপির চেয়ারম্যান রাতুল হাসান, ইউপি সদস্য আবেদ আলীসহ ৪৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে জসিম উদ্দিন ও আবদুল বাতেন নামের দুজনকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মেঘনার শাখা নদীর বড়ঘাট এলাকা থেকে স্বপন আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তিনি বাঁশগাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এলাকায় আধিপত্য বিস্তার ও নির্বাচনী বিরোধের জেরে পরপর ঘটে যাওয়া কয়েকটি ঘটনার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পরিবারের অভিযোগ।
মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার সকালে মাছের ঘের তদারকি শেষে হযরত আলী, মানিক মিয়া ও মনির হোসেন নামের তিনজনের সঙ্গে বাড়িতে ফিরছিলেন স্বপন আহমেদ। এ সময় মামলার আসামিরা স্বপন আহমেদকে ঘিরে ধরেন। আসামিদের সঙ্গে বন্দুক, পাইপগান, চাপাতি, ছোরা ও ককটেল ছিল। এ সময় প্রাণে বাঁচতে স্বপন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন আসামিরা দৌড়ে স্বপনকে ধরে চেয়ারম্যান রাতুল হাসানের কাছে নিয়ে যান। এ সময় আসামিদের মধ্যে একজন স্বপনকে লক্ষ্য করে দিকে গুলি করলে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে গুলি লাগে। এ সময় হয়রত আলী, মানিক মিয়া ও মনির হোসেন তাঁকে বাঁচাতে গেলে আসামিরা অস্ত্রের মুখে তাঁদের সরিয়ে দেন। পরে স্বপনের বাঁ গালে গুলি করা হয়। একপর্যায়ে স্বপনকে উপর্যুপরি কুপিয়ে হত্যার পর লাশ নদীর পানিতে ফেলে দেওয়া হয়।
তবে মামলার বাদী রিনা সরকার এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘটনার আগের দিন শুক্রবার রাতে স্বপন আহমেদ মুঠোফোনে এক ব্যক্তির কল পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এর পর তিনি আর বাড়িতে ফেরেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত স্বপন আহমেদ বাঁশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক ছিলেন। গেল ইউপি নির্বাচনে সদস্য পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে আবেদ আলী নামের এক ব্যক্তির কাছে হেরে যান। ওই নির্বাচনের দিন স্বপনের ভাই দুলাল মিয়া প্রতিপক্ষের লোকজনের গুলিতে নিহত হয়েছিলেন। এর পর থেকেই আবেদ আলীর সঙ্গে স্বপন আহমেদের দ্বন্দ্ব চলছিল। ১৩ ফেব্রুয়ারি রাতে পাশের চরমধুয়া ইউনিয়নে বেড়াতে যাওয়া আবেদ আলীর ছেলে জামির হোসেনকে হাতুরি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করা হয়। ওই অভিযোগে স্বপন আহমেদসহ ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয় আবেদ আলীর পরিবার। সর্বশেষ এর জের ধরেই স্বপন আহমেদকে হত্যা করা হয় বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।
মামলার বিষয়ে জানতে নিহত স্বপন আহমেদের স্ত্রী রিনা বেগমের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। এ ছাড়া মামলার আসামি ইউপি চেয়ারম্যান রাতুল হাসান ও ইউপি সদস্য আবেদ আলীর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ। তাই এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে রায়পুরা থানার ওসি আজিজুর রহমান বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ মামলার অন্য আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।