‘এসো নবীন ভয় নাই, ছাত্রলীগে র‍্যাগিং নাই’

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র‍্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাজমেন্ট ইন ক্যাম্পাস’ শীর্ষক ছাত্রলীগের পদযাত্রা এবং ছাত্রসমাবেশ। আজ মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও যৌন হয়রানিবিরোধী পদযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ক্যাম্পাসে হওয়া এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা স্লোগান দেন, ‘এসো নবীন ভয় নাই, ছাত্রলীগে র‍্যাগিং নাই’।

এই বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১২ মার্চ ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ আরও কয়েকজন কর্মী মিলে এ ঘটনা ঘটান। এর জেরে ইতিমধ্যে তাঁদের হলের আবাসিক সুবিধা বাতিল করা হয়েছে। হাইকোর্টের আদেশে গঠিত কমিটিতেও নির্যাতনের ঘটনার প্রমাণ মিলেছে।

আরও পড়ুন

পদযাত্রা ও সমাবেশের আগে নির্যাতন ও যৌন হয়রানিবিরোধী প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে নেতা-কর্মীরা ক্যাম্পাসের আমবাগানে দলীয় টেন্টে জড়ো হন। এ সময় তাঁরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যান্য মিছিলে নারী নেত্রীদের অংশগ্রহণ থাকলেও আজকের পদযাত্রা ও সমাবেশে কোনো নারী নেত্রী বা কর্মীকে দেখা যায়নি।

দলীয় টেন্ট থেকে পদযাত্রা বের হয়ে অনুষদ ও বিজ্ঞান ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে মৃত্যুঞ্জয়ী মুজিব মোড় হয়ে বটতলায় শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দেন।

আরও পড়ুন

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ বলেন, ‘ছাত্রলীগ আর কোনো নোংরা কাজের শিরোনাম যেন না হয়, এ জন্য সতর্ক থাকতে হবে। এই বটতলা থেকে শপথ নিতে চাই, আর কোনো নেগেটিভ খবরের শিরোনাম যেন না হয়।’ গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে এই নেতা বলেন, ‘আপনারা ছাত্রলীগের ইতিবাচক খবর তুলে ধরেন। ভালো কাজগুলো দেখেন। সেগুলো তুলে আনেন। ভালো কাজের শিরোনাম যেন হই আমরা।’

সভাপতি ফয়সাল সিদ্দিকী বলেন, ‘ছাত্রলীগ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসনসংকটের সমাধান, ডাইনিংয়ে খাবারের মান ভালো করতে কাজ করছে। একমাত্র সংগঠন ছাত্রলীগই নবীন সাধারণ শিক্ষার্থীদের উপকার করে, পাশে থাকে। নবীনদের ছোট ভাই-বোনের মতো দেখতে হবে। সব সমালোচনার ঊর্ধ্বে এসে নেতা-কর্মীদের নবীন শিক্ষার্থীদের সাদরে গ্রহণ করতে হবে। পড়াশোনার সুষ্ঠু পরিবেশ তৈরিতে কাজ করতে হবে।’

পরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নেতা-কর্মীরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

আরও পড়ুন