সাফজয়ী স্বপ্নাকে বরণ করতে রংপুরে নানা আয়োজন
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের অন্যতম খেলোয়াড় সিরাত জাহান স্বপ্নাকে বরণ করতে রংপুরে চলছে নানা প্রস্তুতি। সেখানে সংবর্ধনা অনুষ্ঠানসহ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার যৌথভাবে এসব অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।
রংপুর শহর থেকে ১৫ কিলোমিটার দূরের অজপাড়াগাঁ পালিচড়া জয়রাম গ্রামে স্বপ্নার বাড়ি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর নাহার বেগম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বপ্নার বাড়িতে যান। স্বপ্নাকে বরণ করতে সর্বাত্মক সহযোগিতার জন্য তাঁরা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান প্রথম আলোকে বলেন, যে গ্রাম থেকে স্বপ্না ফুটবল খেলে উঠে এসেছেন, সেই গ্রামেই স্বপ্নাকে সংবর্ধনা দেওয়া হবে। এ জন্য প্রস্তুতি চলছে। পালিচড়ায় নির্মিত শেখ রাসেল স্টেডিয়ামে নারীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ওই মাঠে স্বপ্নাকে সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া স্বপ্না যেদিন রংপুরে আসবে, ওই দিন সৈয়দপুর বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানো হবে। স্বপ্নার বাড়ি আসার তারিখ এখনো জানা যায়নি। তাই ফুটবল ম্যাচের তারিখও নির্ধারণ করা হয়নি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান বলেন, পালিচড়া গ্রামের নারী ফুটবল খেলোয়াড়দের শুরু থেকে বিভিন্নভাবে সহযোগিতা ও উৎসাহ দিয়ে আসছে উপজেলা পরিষদ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে স্বপ্নার পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
পালিচড়া গ্রামে মেয়েদের ফুটবল প্রশিক্ষণ দেন কোচ মিলন মিয়া। তিনি বলেন, এখন প্রতিদিন জেলা শহরসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষ নারী ফুটবলারদের এই গ্রামে বেড়াতে আসছেন। এদিকে প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তুতি হিসেবে শেখ রাসেল স্টেডিয়ামে মেয়েদের অনুশীলন চলছে। স্বপ্নাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতিও চলছে।
স্বপ্নার মা লিপি বেগম বলেন, ‘মেয়ে কত দিন পর বাড়িত আসবে। এই আনন্দে মোর রাইতোত ঘুমে হয়ছে না। গ্রামবাসীও অনেক আনন্দ করবে। মোর ছাওয়াটাক দেখার জন্য সবায় অধীর আগ্রহে আছে। স্বপ্নার দুই বোনের জামাইরাও মেয়েকে বরণ করি নেবে।’
স্বপ্না বাড়িতে এলে তাঁর পছন্দের সব খাবার রান্না করবেন লিপি বেগম। তিনি বলেন, ‘মেয়ে পছন্দের খাবার শুঁটকি ভর্তা দিয়া গরম–গরম ভাত খাইবে। ভুনা গরুর গোশত থাকবে। স্বপ্নার পছন্দের নানা পদের শাকও রান্না করব।’
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী সিরাত জাহান স্বপ্নার বাড়ি রংপুর সদরের সদ্যপুষ্কুরিনী পালিচড়ার জয়রাম গ্রামে। স্বপ্নার বাবা মোকছার আলী বর্গাচাষি। মা লিপি বেগম গৃহিণী। তিন বোনের মধ্যে স্বপ্না ছোট। তাঁর বড় দুই বোনের বিয়ে হয়েছে।