কুড়িগ্রামে নদ–নদীতে পানি বেড়ে ফসলডুবি 

কয়েক দিন ধরে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলার ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে নদ-নদীর পানি বেড়েই চলেছে। বন্যার পানি ঘরে প্রবেশ করছে। বসতবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিচ্ছে অনেকেই। গতকাল যাত্রাপুর ইউনিয়নের খেয়ার আলগার চরাঞ্চলে
ছবি: প্রথম আলো

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার ৯ উপজেলার নিম্নাঞ্চলের ১৪৫ হেক্টর বীজতলা, পাট ও সবজিখেত পানির নিচে তলিয়ে গেছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় গ্রাম, বালাবাড়ী কলাপাড়া, নয়ারহাট; পাঁচগাছি ইউনিয়নের মোল্লাপাড়া, ধরলাব্রীজ পাড়া, কাঁঠালবাড়ী; উলিপুর উপজেলার বুড়াবুড়ি; রাজীবপুর উপজেলার চর রাজীবপুর ইউনিয়নের শংকর মাধবপুর এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, অতিবৃষ্টি ও উজানের ঢলে বীজতলা, সবজি ও পাটখেত পানিতে ডুবে গেছে।

চর সীতাইঝাড় গ্রামের কৃষক ইয়াসিন আলী ওরফে ভোলা জানান, কিস্তির ঋণ নিয়ে ২২ শতক জমিতে পটোল ও ২০ শতক জমিতে বেগুন চাষ করেছেন। মাত্র ৩ মাসে ৭০ হাজার টাকার পটোল বিক্রি করেছেন। এ ছাড়া ৩০ শতক জমিতে পাট চাষ করেছেন। কিন্তু উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে সবজিখেত পানিতে তলিয়ে গেছে।

ইয়াসিন আলী আরও বলেন, ‘কী আর বলব, ভাই। কিস্তির ট্যাকা তুলি বেগুন, পটোলখেত লাগাইছিলাম। এ বছর বেগুনে পোকা ধরায় তেমন লাভ করতে পারিনি। মাত্র তিন মাসে ২২ শতক জমির পটোল ব্যাছে (বিক্রি করে) কিস্তির কিছু ট্যাকা শোধ দিছি। আর দুই–এক মাস ব্যাছপার পাইলেই সোউগ দেনা পরিশোধ হইল হয়। বন্যায় পটোলখেত, বেগুনখেত পানিতে তলিয়ে গেছে। পটোলখেতে একবার পানি উঠলে গাছ মরে যায়।’ এ ছাড়া পাট বড় হওয়ার আগেই পাটখেতে পানি উঠায় পাটের আঁশ নষ্ট হয়ে যাবে বলে তিনি জানান।

সদর উপজেলার চর সীতাইঝাড় গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘অতিবৃষ্টিতে ৪০ শতক জমির বেগুন ও ৩৫ শতক জমির পটোল নষ্ট হয়ে গেছে। ধারকর্জ করে সবজি চাষ করেছিলাম। ৪০ শতক জমিতে বেগুন চাষ করতে ব্যয় হয়েছিল ১২ হাজার টাকা। ফসল ঠিকমতো হলে ৪০-৫০ হাজার টাকা লাভ হতো। পানিতে ডুবে যাওয়ায় পটোলগাছ মরে যাবে। এখন মূলধন উঠবে কি না, এই নিয়ে দুশ্চিন্তায় আছি।’

আরও পড়ুন

রাজীবপুর উপজেলার চর রাজীবপুর ইউনিয়নের কৃষক খোকন মিয়া বলেন, ‘অতিরিক্ত খরার কারণে এবার পাট চাষে দেরি করেছিলাম। পাট পরিপক্ব হওয়ার আগেই বন্যার পানিতে চরাঞ্চলের সব পাট ডুবে গেছে। বন্যার পানি খেতে বেশি দিন থাকলে পাটের গায়ে শিকড় বের হবে। এতে পাটের বাজারমূল্য কমে কৃষকের ব্যাপক লোকসান হবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার ১৪৫ হেক্টর জমির পটোল, বেগুন ও পাট বন্যার পানিতে ডুবে গেছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, সেটি নির্ধারণে মাঠপর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা খবর রাখছেন।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৩২ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে।