খুলনার ডুমুরিয়া থেকে ষাটোর্ধ্ব বড় বোনকে নিয়ে সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে আসেন শর্মিলী সরকার। উদ্দেশ্য বড় বোনকে সরাসরি কুষ্টিয়াগামী একটি বাসে তুলে দেবেন। কিন্তু কাউন্টারে এসে জানতে পারেন, বাসশ্রমিকদের মারধরের ঘটনার জেরে ডাকা ‘ধর্মঘটের’ কারণে খুলনা থেকে কুষ্টিয়ায় কোনো বাস যাচ্ছে না। ঝিনাইদহ পর্যন্ত গিয়ে বাস আবার খুলনায় ফিরে আসছে।
শর্মিলী সরকার প্রথম আলোকে বলেন, ‘বড় বোন আগে কখনো কুষ্টিয়ায় যাননি। সরাসরি বাস কুষ্টিয়া পর্যন্ত গেলে সেখানে থাকা আরেক আত্মীয় তাঁকে বাস থেকে নামিয়ে নেবেন। কিন্তু ঝিনাইদহ থেকে কীভাবে আবার কুষ্টিয়া পর্যন্ত যাবেন, সেই চিন্তা করছি।’
ঝিনাইদহ থেকে বোনকে কুষ্টিয়ার গাড়িতে তুলে দেওয়া হবে—বাসশ্রমিকদের এমন আশ্বাসে শেষ পর্যন্ত বড় বোনকে কুষ্টিয়াগামী বাসে তুলে দিয়েছেন শর্মিলি সরকার। কিন্তু দুশ্চিন্তা তাঁর পিছু ছুটছে না। বাস ছেড়ে দেওয়ার পরও তাঁকে সৃষ্টিকর্তার নাম জপতে দেখা গেল।
কোনো পূর্বঘোষণা ছাড়াই কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুরগামী সব বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে খুলনা থেকে সরাসরি কুষ্টিয়াগামী বাসের চলাচল বন্ধ আছে। এ অবস্থায় শর্মিলী সরকারের মতো অনেক যাত্রী বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা সরাসরি কুষ্টিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সোনাডাঙ্গা বাস কাউন্টারে এসেছেন তাঁদের ভোগান্তি ছিল বেশি।
বাসশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ ও কুষ্টিয়া বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের কারণে হঠাৎ আজ সকাল থেকে খুলনা-কুষ্টিয়াগামী বাস কুষ্টিয়া জেলার মধ্যে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এ কারণে খুলনার বাসগুলো ঝিনাইদহের শেষ সীমানা শেখপাড়া বাজার পর্যন্ত যাচ্ছে। এরপর যাত্রীরা অন্য বাসে কুষ্টিয়ার দিকে যাচ্ছেন। শেখপাড়া বাজার থেকে কুষ্টিয়ার দূরত্ব প্রায় ২৮ কিলোমিটার।
সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালের কুষ্টিয়া কাউন্টারের টিকিট বিক্রেতা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে এমনটি হয়েছে। তবে খুলনা থেকে বাস চলাচল অব্যাহত আছে। যাত্রীদের বুঝিয়ে বাসে তোলা হচ্ছে। যাত্রীদের কাছ থেকে শেখপাড়া পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। যদি কোনো যাত্রী বিপাকে পড়েন তাহলে তাঁকে ঝিনাইদহ পর্যন্ত যাওয়ার পর কুষ্টিয়াগামী অন্য বাসে তুলে দেওয়া হচ্ছে। তবে সমস্যার সমাধানের বিষয়টি তিনি কিছুই বলতে পারেননি।
কুষ্টিয়ার বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে মালিকেরা ঝিনাইদহের কালীগঞ্জে বৈঠক করেন। এ সময় সেখানে বাসের স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় কুষ্টিয়ার শ্রমিক–মালিকেরা বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মো. আখতারুজ্জামান বলেন, বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী রোববারের মধ্যে পুলিশ গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।