বিএনপির কর্মসূচির বেশির ভাগ মানুষ ভাড়া করে আনা: শাজাহান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে এক শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। বৃহস্পতিবার দুপুরে শহরের লেকপাড়ে স্বাধীনতা প্রাঙ্গণে
ছবি: প্রথম আলো

সম্প্রতি বিএনপি যেসব কর্মসূচি পালন করেছে, সেখানে বেশির ভাগ মানুষকে ভাড়া করে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ (রাজৈর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য শাজাহান খান। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে এক শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপি সম্প্রতি যে কর্মসূচিগুলো পালন করেছে, সেখানে আমরা লক্ষ করেছি, বেশির ভাগ মানুষকে ভাড়া করে কর্মসূচিতে আনা হয়েছে। তাদের ভাড়া করা কর্মীরাই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এসব আর চলতে দেওয়া যাবে না।’

আরও পড়ুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপির এখনকার অবস্থা ফুলানো ফানুসের মতো। যখন একটু লিক (ছিদ্র) করবে, তখন ফানুসের মতো তারাও (বিএনপি) চুপসে যাবে। বাংলার মানুষ চায় উন্নয়ন। আর এই উন্নয়নের রূপকার শেখ হাসিনা। তিনিই একমাত্র রাষ্ট্রনায়ক ও সরকারপ্রধান, যিনি জনগণের পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করার চেষ্টা করছেন। দেশে খাদ্যঘাটতি মিটিয়েছেন। গরিবের জন্য বাসযোগ্য ঘর বানিয়ে দিয়েছেন। বিদ্যুতের ঘাটতি নেই। শিক্ষাব্যবস্থাকে অনেক উন্নত করেছেন। দেশে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই, যেখানে উন্নয়ন হয়নি।’

আরও পড়ুন

বিএনপির ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখার সমালোচনা করে শাজাহান খান বলেন, ‘বিএনপি শুধু এখন নয়, শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছে। কিন্তু এ দেশের মানুষ তাদের কথায় বিভ্রান্ত হয়নি। এখন ১৪ বছর পর এসে বিভিন্ন রূপরেখা ও সরকার মেরামতের নামে যে কথা বলছে, তা মানুষ গ্রহণ করেনি। বরং তাদের প্রত্যাখ্যান করায় তারা ব্যর্থ হয়েছে। বিএনপির রূপরেখা কখনোই সফলতার মুখ দেখবে না।’

বিএনপিকে নির্বাচনে আসার আমন্ত্রণ জানিয়ে শাজাহান খান বলেন, ‘যতই আন্দোলন-সংগ্রাম করুন না কেন, এই নির্বাচন কমিশনের অধীনই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। আমি বিএনপিকে আহ্বান করব, নির্বাচনী পরিবেশ রক্ষা করে নির্বাচনে আসুন। আপনাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচন করা। সেই নির্বাচনে অংশ নিন। জনগণ যদি আপনাদের (বিএনপি) পক্ষে রায় দেন, আমরা মেনে নেব। কিন্তু আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে সরকার বসে থাকবে না। সমুচিত জবাব দেওয়া হবে।’

আরও পড়ুন

এ সময় অন্যান্যের মধ্যে মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।