সীতাকুণ্ডে গ্যাস চুরি করে সিলিন্ডারে ভরার সময় বিস্ফোরণে আগুন লেগে যায়: পুলিশ

আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর গ্যাস সিলিন্ডারগুলো গুদাম থেকে বের করে আনা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় গ্যাসের সিলিন্ডারের বদ্ধ গুদামে সিলিন্ডার থেকে গ্যাস চুরি করার সময় বিস্ফোরণ এবং এরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সীতাকুণ্ড  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তোফায়েল আহমেদ এই কথা জানিয়েছেন।

সীতাকুণ্ড থানা সূত্র জানায়, গতকাল মঙ্গলবারের অগ্নিকাণ্ডে গুদামটির মালিকসহ দুজন দগ্ধ হয়েছিলেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

ওসি তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, গুদামটিতে ১২ কেজির গ্যাস সিলিন্ডার থেকে অবৈধভাবে ১-২ কেজি করে চুরি করে খালি সিলিন্ডারে ভরার কাজ করতেন গুদামটির মালিকসহ কর্মচারীরা। আবার ফেরত আসা খালি সিলিন্ডারে থাকা গ্যাস বের করে নেওয়া হতো। আর এই সম্পূর্ণ কাজ দরজা বন্ধ করে করা হতো। গতকাল গুদামটিতে আগুন লাগার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এখন গুদামমালিক অগ্নিদগ্ধ হয়ে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। মালিকের অবস্থা আরও কিছুটা উন্নতি হলে গুদামের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক এসআই সোহেল আহমেদ খান প্রথম আলোকে বলেন, গুদামটিতে গ্যাসের দুই শতাধিক সিলিন্ডার ছিল। বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁরা তদন্তকাজ শুরু করেছেন।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, গুদামটিতে আগুন লাগার সঠিক কারণ তদন্ত সাপেক্ষে বের করা যাবে। প্রাথমিকভাবে তাঁদের কাছে মনে হচ্ছে গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ও বৈদ্যুতিক লাইনে স্পার্কিং হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী মার্কেটে এলাকায় মেসার্স এমটি এন্টারপ্রাইজ নামের একটি গ্যাস সিলিন্ডারের গুদামে আগুন লাগে। গুদামটি ভেতর থেকে বন্ধ করা ছিল। এই অগ্নিকাণ্ডে গুদামটির মালিক মো. আবু তাহের ও তাঁর এক কর্মচারী অগ্নিদগ্ধ হন। পরে তাঁদের স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সীতাকুণ্ড থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। যে ভবনের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সে ভবনের দোতলায় একটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে।

তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানিয়েছিলেন, গ্যাসভর্তি সিলিন্ডারগুলো জাহাজভাঙা কারখানায় জাহাজ কাটার কাজে ব্যবহার করা হতো। জাহাজ কাটার সময় গ্যাসের অত্যধিক চাপের প্রয়োজন। যখন গ্যাসের চাপ কমে যায়, তখন কাটার কাজে সেই গ্যাস ব্যবহার না হলেও সিলিন্ডারের তলানিতে কিছু গ্যাস থেকে যায়। গ্যাস সিলিন্ডারে জমে থাকা অবশিষ্ট গ্যাস বের করে নিয়ে নতুন একটি সিলিন্ডার ভরতেন আবু তাহের। এভাবে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরার সময় আগুন ধরে যায়।

আরও পড়ুন