সীতাকুণ্ডের রঙিন ফুলকপির খেত দেখতে গেলেন সংসদ সদস্য
চট্টগ্রামের সীতাকুণ্ডের সেই রঙিন ফুলকপির খেত দেখতে গিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের (সীতাকুণ্ড এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড ৯ ও ১০) সংসদ সদস্য দিদারুল আলম। আজ সোমবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট সাঙ্গু সড়ক এলাকায় রঙিন ফুলকপির খেত পরিদর্শন করেন তিনি। এ সময়ে রঙিন ফুলকপির চাষি জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। পরে তিনি কৃষক জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা উৎসাহ পুরস্কার ঘোষণা করেন।
এরপর ওই রঙিন ফুলকপির খেত এলাকায় উপজেলা কৃষি বিভাগের আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য দিদারুল আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ, সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ স্থানীয় কৃষকেরা।
১০ জানুয়ারি ‘সীতাকুণ্ডে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষ’ শিরোনামে একটি প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। চাষি জাহাঙ্গীর আলমের এ খেতে ফুলকপির রং হলুদ ও বেগুনি। এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিদিন রঙিন ফুলকপি দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন।
মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দিদারুল আলম বলেন, ‘আমাদের দেশের কৃষকেরা সাধারণত ঝুঁকি নিতে চান না। তাঁরা সনাতন পদ্ধতিতে চাষ করতে অভ্যস্ত। ফলে নতুন প্রযুক্তির প্রতি তাঁদের অনীহা আছে। জাহাঙ্গীর আলমদের মতো কৃষকেরা ঝুঁকি নিয়ে দেশে নতুন নতুন প্রযুক্তির পরীক্ষা করেন এবং সফল হওয়ার পর অন্য কৃষকেরাও তাঁদের নতুন প্রযুক্তি অনুসরণ করেন। এভাবে আমাদের কৃষির উৎপাদন দিন দিন বেড়ে চলেছে।’
যাঁরা সীতাকুণ্ডে উদ্ভাবনী কৃষি নিয়ে কাজ করে যাচ্ছেন, তাঁদের সঙ্গে বনভোজন করার আগ্রহ প্রকাশ করে সংসদ সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।