সৈয়দ নজরুল মেডিকেল কলেজ
ছাত্ররাজনীতির ‘বিরুদ্ধে বলায়’ দুই শিক্ষার্থীর ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে কথা বলার জেরে দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা একটার দিকে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এর আগে ১৯ জানুয়ারি রাতে কলেজের অধ্যাপক মনসুর খলিল হলের একটি কক্ষে শাখা ছাত্রদলের ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন করেন কয়েকজন শিক্ষার্থী। কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় বিষয়টি নিয়ে গতকাল রাতে আলোচনা করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল সমর্থক কয়েকজনের হামলায় দুই শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ।
শিক্ষার্থীরা জানান, কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু শিক্ষার্থী ছাত্রদলের ব্যানারে ক্যাম্পাসে রাজনীতি করার চেষ্টা করছেন। তাঁদেরই কয়েকজন গত ১৯ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন করেন। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষ প্রতিবাদ করে। তাঁরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের কথা বলায় দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যাঁরা জড়িত ছিলেন এবং ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, তাঁরাই এখন ছাত্রদলের ব্যানারে রাজনীতি করার চেষ্টা করছেন।
এ বিষয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী এস এম রাকিবুল ইসলাম বলেন, কলেজে আগে থেকেই ছাত্ররাজনীতি নিষিদ্ধ। কিন্তু ছাত্রদলের ব্যানারে কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা আলোচনা করে প্রতিবাদ জানান। এ জন্য দুজনের ওপর হামলা করা হয়। পরে হাসপাতালে ভর্তি করলে তাঁদের হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আজ দুপুরে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, একদিকে শিক্ষার্থীরা মানববন্ধনের জন্য একত্র হচ্ছেন, অন্যদিকে বহিরাগত ২০ থেকে ৩০ জন কিশোর-তরুণ জড়ো হচ্ছেন। এ সময় সাংবাদিক দেখে বহিরাগত কয়েকজন সরে যান। শিক্ষার্থীরা হামলাকারী ও বহিরাগতদের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাইলে শিক্ষকেরা তাঁদের সরিয়ে নেন। এমনকি মানববন্ধনেও বাধা দেওয়া হয়। পরে তড়িঘড়ি করে শহীদ সৈয়দ নজরুল ইসলামের ভাস্কর্যের সামনে অল্প কিছুক্ষণ মানববন্ধন করেন। পরে দুই পক্ষের শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষের কক্ষে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ (দায়িত্বরত) মো. মজিবর রহমান বলেন, কলেজ ক্যাম্পাসে সব দলের রাজনীতি আগে থেকে নিষিদ্ধ। তবে সোমবার রাতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কিছুটা ঝামেলা হয়। তাঁরা বিষয়টি জানার পর দুই পক্ষকেই নিয়ে বসেছিলেন। এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেদিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।