মূল পরিকল্পনাকারী মাহমুদুল কিশোর বয়সেই ডাকাতির সঙ্গে যুক্ত হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বাস ডাকাতির মূল পরিকল্পনাকারী মাহমুদুল হাসান ওরফে মুন্না ওরফে রতন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী মাহমুদুল হাসান ওরফে মুন্না ওরফে রতন (২২) কিশোর বয়সেই অপরাধে জড়িয়ে পড়েন। প্রথমে পরিবহনশ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে হয়ে ওঠেন ডাকাত দলের নেতা। গত বৃহস্পতিবার আদালতে তাঁর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পুলিশের দেওয়া তথ্য থেকে এসব কথা জানা গেছে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধলপুর গ্রামে মাহমুদুলদের বাড়ি। তবে বেশ কয়েক বছর ধরে অবস্থান করতেন গাজীপুরের চন্দ্রা, কোনাবাড়ী এলাকায়। সেখানে পরিবহনশ্রমিক হিসেবে ভাড়া বাসায় থাকতেন। ওই এলাকায় বসবাসরত পোশাক কারখানার শ্রমিক ও পরিবহনশ্রমিকদের নিয়ে গড়ে তুলেছিলেন ডাকাত দল। তাঁরা বিভিন্ন সময় সড়কে ডাকাতি করতেন। সর্বশেষ ২ আগস্ট কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের একটি বাসে মাহমুদুল ডাকাতির নেতৃত্ব দেন। এ সময় ওই বাসে এক নারী যাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন।

আরও পড়ুন

৭ আগস্ট মাহমুদুলসহ ১০ জনকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গ্রেপ্তার করে। ৮ আগস্ট তাঁদের টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৯ আগস্ট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ।

মাহমুদুলকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা বলেন, কিশোর বয়সেই পরিবহনের সহকারী হিসেবে কাজ শুরু করেন মাহমুদুল। সে সময়ই নানা অপরাধের সঙ্গে যুক্ত হন। পরে পরিবহন থেকে চাকরিচ্যুত হন। বছর পাঁচেক আগে মাহমুদুল গাজীপুরের চন্দ্রা এলাকায় চলে যান। সেখানে পরিবহনশ্রমিক হিসেবে আবার কাজ শুরু করেন। সেখানে কাজ করতে গিয়েই ডাকাতির সঙ্গে যুক্ত হন। ২০১৮ সালে তাঁর ডাকাতিতে হাতেখড়ি। ওই সময় একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। জামিনে বের হওয়ার পর ২০২০ সালে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন। সে ঘটনায় আবারও কারাগারে যেতে হয়। দুই দফায় আড়াই বছর কারাগারে ছিলেন মাহমুদুল। নয় মাস আগে তিনি জামিনে বের হয়ে আসেন। এই নয় মাসে তিনি অন্তত ১০টি ডাকাতিতে অংশ নেন।

আরও পড়ুন
২ আগস্ট রাতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসে যাত্রীবেশে ওঠে একদল ডাকাত। ডাকাতির পর রাস্তার পাশে বাসটি ফেলে রেখে চলে যায় তারা। টাঙ্গাইলের মধুপুরের রক্তিপাড়ায়
ফাইল ছবি

টাঙ্গাইলে ঈগল এক্সপ্রেসের বাসে ডাকাতির কয়েক দিন আগে আরও দুটি বাস ডাকাতিতে অংশ নেন মাহমুদুল। এই ডাকাতিগুলোর নেতৃত্ব ও মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। ঈগল এক্সপ্রেসে ডাকাতির ঘটনার সময় তাঁদের দলে অংশ নেন টাঙ্গাইলের ঝটিকা পরিবহনের বাসচালক রাজা মিয়া। মাহমুদুল বেশ কয়েক বছর আগে রাজা মিয়ার গাড়িতে সহকারীর কাজ করতেন। ডাকাতির পর পুলিশ প্রথমে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাসচালক রাজা মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তিতে বের হয়ে আসে মাহমুদুলের নাম।

আরও পড়ুন

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উত্তর) এবং ঈগল এক্সপ্রেসের বাসে ডাকাতি ও ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনাসহ বিভিন্ন ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণের কথা মাহমুদুল স্বীকার করেছেন। এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বর্তমানে মাহমুদুল কারাগারে আছেন। স্বীকারোক্তিতে মাহমুদুল ঈগল এক্সপ্রেসের বাসে ডাকাতির সময় এক নারী যাত্রীকে দুই দফা ধর্ষণ করেছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন