দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির এক পক্ষের বিক্ষোভ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কামরুজ্জামানের সমর্থক নেতা-কর্মীদের বিক্ষোভ। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা সদর বাজারেছবি: প্রথম আলো

সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যবাজার) বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলের একাংশের নেতা–কর্মীরা। আজ সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার তিনটি বাজারে দলের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের অনুসারীরা এ কর্মসূচি পালন করেন।

আসনটিতে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক। কৃষক দলের জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক পদেও তিনি আছেন। আনিসুল হককে মনোনয়ন দেওয়ায় নাখোশ কামরুজ্জামানের অনুসারীরা। আনিসুল হক ও কামরুজ্জামান দুজনের বাড়িই তাহিরপুর উপজেলায়। দুজনেরই তৃণমূলে জনপ্রিয়তা রয়েছে।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন কামরুজ্জামানের অনুসারীরা। তাহিরপুর সদর, উপজেলার বাদাঘাট ও নতুনবাজারে পালিত এ কর্মসূচি থেকে আসনটিতে দলীয় প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনা এবং কামরুজ্জামানকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

আরও পড়ুন

তাহিরপুর সদর বাজারে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (উজ্জ্বল), তাহিরপুর সদর ইউনিয়নের আহ্বায়ক সাইদুল কিবরিয়া, ইউপি সদস্য তোজাম্মিল হক, উপজেলা যুবদলের সদস্য সামরুল ইসলাম প্রমুখ।

এ প্রসঙ্গে বিএনপি নেতা কামরুজ্জামান বলেন, ‘দল থেকেই বলা হয়েছে, এটি চূড়ান্ত মনোনয়ন নয়, তাই মানুষের ভালোবাসা অনেক কিছু বদলে দিতে পারে। মাঠের খবর নিশ্চয়ই আমার নেতা, আমার দলের কাছে যাচ্ছে। আমি আশাবাদী, দল তৃণমূলের দাবি বিবেচনা করবে।’