এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড নওগাঁয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ বুধবার সকাল ৯টায় নওগাঁ শহরের বাইপাস সড়কের বোয়ালিয়া এলাকায়
ছবি: প্রথম আলো

টানা চার দিন ধরে নওগাঁয় বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো শীতে বিপাকে পড়েছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল জনপদের মানুষ। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁর বদলগাছিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশার পরিমাণ কমে রোদের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাস অব্যাহত থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

আরও পড়ুন

নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, চলতি শীত মৌসুমে বদলগাছিতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।

ডিসেম্বরের শেষ দশ দিন ও চলতি মাসের প্রথম সপ্তাহে নওগাঁয় একাধিকবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও গত সোমবার থেকে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ, ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে।
নওগাঁয় কনকনে শীতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় আজ সকাল ১০টার দিকে কথা হয় রিকশাচালক খবির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘রোদ উঠিছে, তারপরেও ঠান্ডার চোটত হাত-পা ক্যানক্যান করিচ্ছি। মনে হচ্ছে হাত-পার রগ জড়ে যাচ্ছে। ঠান্ডার জন্য হাত দিয়ে ইকশার (রিকশা) হ্যান্ডেল ঠিক মতোন ধরতে পারিচ্ছি না। ইকশা চালানাই কঠিন হয়ে পড়ছে।’

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ডিসেম্বরের শেষ দশ দিন ও চলতি মাসের প্রথম সপ্তাহে নওগাঁয় একাধিকবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও গত সোমবার থেকে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। দিনের প্রথম ভাগে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।

নওগাঁর বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, সোমবার থেকে নওগাঁয় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল বাতাস বয়ে যাওয়ায় রোদ উঠলেও শীত অনুভূত হচ্ছে বেশি। এ ধরনের আবহাওয়া আরও দু-তিন দিন থাকতে পারে।

আরও পড়ুন

আজ সকালে নওগাঁ শহরের ব্রিজের মোড়ে কথা হয় দিনমজুর মিরাজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘তিন থেকে চার দিন ধরে অতিরিক্ত ঠান্ডার কারণে বাড়িত থ্যাকে ব্যার হয়নি। আজকে সকালে যদিও খুব ঠান্ডা লাগছে, তারপরও সকালে রোদ ওঠায় কাজ করতে বাড়িত থ্যাকে ব্যার হয়ে আসিছি। কিন্তু ব্যার হয়ে দেখি ব্যাপক বাতাস করোছে। শীতের চোটত গায়ে চাদর দিয়ে ঠান্ডা কমোছে না।’