সীতাকুণ্ডে উপকূলে পড়ে ছিল অজ্ঞাতনামা তরুণের লাশ
চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূল থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে গুলিয়াখালী সৈকতের উপকূলীয় বনের পাশ থেকে গাউসিয়া কমিটি নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই তরুণের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২৫ বছর। চট্টগ্রাম বন্দরের দুটি লাইটার জাহাজের সংঘর্ষে এমভি সুলতান সানজাত নামের একটি লাইটার জাহাজডুবির ঘটনায় এখনো দুজন নিখোঁজ। পুলিশ ধারণা করছে, উদ্ধার লাশটি ওই দুর্ঘটনার হতে পারে। তবে শনাক্ত হওয়া ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
নৌ পুলিশের কুমিরা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) চান মিয়া প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন গুলিয়াখালী সৈকতের উপকূলীয় বনের বাইরে চরের মধ্যে একটি লাশটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের বুকের অংশ থেকে নিচের দিকে অংশ শিয়াল খেয়ে ফেলেছে। পুলিশ যখন লাশটি উদ্ধার করতে যায়, তখনো বনের ভেতরে শিয়ালের পাল ডাকাডাকি করছিল।
এর আগে গত বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে এমভি সুলতান সানজাত নামের একটি লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজে থাকা ৯ নাবিকের মধ্যে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। অন্য ছয়জনের মধ্যে শুক্রবার চারজনের লাশ উদ্ধার হয়। এখনো দুজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এসআই চান মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, লাশটি লাইটার জাহাজের কোনো নাবিকের। তাই লাশটি শনাক্তের জন্য নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে। অধিকতর তদন্তের জন্য লাশের ডিএনএ সংগ্রহ করা হবে বলে জানান তিনি।