ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ ঘণ্টা ধরে ৪০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ায় গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার বেলা তিনটা পর্যন্ত টানা ৩০ ঘণ্টা তীব্র যানজট চলছে। যানজট ধীরে ধীরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।
মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশরিয়ারচরে ঢাকাগামী লেনে গতকাল সকাল আটটা থেকে সংস্কারকাজ শুরু হয়। এর পর থেকেই যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে গত রাতে হৃদ্রোগে আক্রান্ত এক রোগী মারা গেছেন। প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
ঢাকাগামী বাসের যাত্রী আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল ছয়টায় ফেনী থেকে রওনা দিয়েছেন। তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছার কথা ছিল, অথচ পৌনে সাত ঘণ্টা পর দাউদকান্দিতেই যানজটে আটকা আছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, গতকাল মেঘনা সেতু পার হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় একটি সেতুর সংস্কারকাজ শুরু হয়। এতে বেশ কিছু সময় ঢাকাগামী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ধীরে ধীরে কুমিল্লার সেনানিবাস পর্যন্ত ৬০ থেকে ৭০ কিলোমিটার এলাকায় যানজট পৌঁছে যায়। সে যানজটের রেশ আজ বেলা তিনটা পর্যন্ত চলছে।
ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর কারণে যানজট হয়েছে বলে জানান মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শামীম। যানজট এখনো চলছে। প্রচণ্ড গরমের মধ্যে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছে।