ইজতেমার বড় জামাতে জুমার নামাজ আদায় করলেন হাজারো মুসল্লি
জুমার নামাজের সময় যত ঘনিয়ে আসছিল, টঙ্গীর তুরাগতীর ও আশপাশে মুসল্লিদের মধ্যে ছোটাছুটি তত বাড়ছিল। কারও হাতে নামাজের বিছানা, কারও হাতে পাটি, কারও কাছে পেপার। এর মধ্যে হঠাৎ মাইকে ভেসে এল নামাজের আকামত। মুহূর্তেই বন্ধ হয়ে গেল সব ছোটাছুটি। যে যেখানে ছিলেন, বিছানা পেতে দাঁড়িয়ে পড়লেন নামাজে। মুসল্লিদের সিজদায় মাথা নোয়ানোর মাধ্যামে নীরবতা নেমে এল পুরো এলাকায়।
আজ শুক্রবার দুপুরের এই চিত্র গাজীপুরের টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকায়। পাঁচ দিন বিরতির পর আজ সকালে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এ পর্বে অংশ নিতে আসা মুসল্লিতে ভরে যায় পুরো ইজতেমা মাঠ। এর মধ্যে ইজতেমার জামাতের সঙ্গে জুমা নামাজ পড়তে আজ সকাল ৮টা থেকেই দল বেঁধে ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সাধারণ মুসল্লিরা। একপর্যায়ে মাঠে জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়ে পড়েন রাস্তায় বা যে যেখানে ছিলেন সেখানে।
জুমার নামাজ পড়ান (ইমাম) ভারতের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। নামাজ শুরু হয় বেলা ১টা ৫০ মিনিটে। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের অংশগ্রহণে ভরে যায় ইজতেমা মাঠ। মানুষের ঢলে জায়গা না পেয়ে অনেকেই বসে পড়েন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আশপাশের অলিগলিতে। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
সরেজমিন দেখা যায়, জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে মুসল্লিরা আসতে থাকেন ইজতেমা মাঠের দিকে। নামাজে অংশ নিতে মুসল্লিরা চেষ্টা করেন ইজতেমা ময়দানে প্রবেশের। এর মধ্যেই মাইকে ঘোষণা আসে নামাজের। মুসল্লিরা ছোটাছুটি বন্ধ করে বসে পড়েন যে যাঁর জায়গায়।
মাঠে জায়গা না পেয়ে টঙ্গীর বাটাগেট–সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পেপার বিছিয়ে নামাজ পড়ছিলেন তিন যুবক। তাঁরা এসেছেন রাজধানী ঢাকার জয়নালা মার্কেট এলাকা থেকে। কথা হলে তাঁরা জানান, প্রায় এক ঘণ্টা আগে থেকেই তাঁরা চেষ্টা করছিলেন মাঠে প্রবেশের। কিন্তু ভেতরে জায়গা নেই। এর মধ্যেই শুরু হয় নামাজ। তাই উপায় না পেয়ে বসে পড়েন সড়কে।
এর মধ্যে মো. আবু বকর সিদ্দিক নামের একজন বলছিলেন, ‘গত ইজতেমায় (প্রথম পর্ব) অনেক আগে আসছিলাম। কিন্তু প্রচুর মানুষের কারণে ভেতরে ঢুকতে পারি নাই। এবারও শেষ পর্যন্ত জায়গা না পেয়ে সড়কে নামাজ পড়ি।’ তিনি আরও বলেন, বড় জামাতের সঙ্গে নামাজ আদায় করার আনন্দই অন্য রকম। একটু কষ্ট হলেও সবাই আনন্দিত।
তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভির বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করেন ১৩ থেকে ১৫ জানুয়ারি। আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় পক্ষ বা মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা। তাঁদের ইজতেমা চলবে আগামী রোববার পর্যন্ত।