শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, নিহত ১

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সোমবার রাতেছবি : সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার পর উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মান্নান সরদার (৭০) পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তাঁর সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে তমিজ খাঁ ও তাঁর সমর্থকদের বিরোধ চলছিল। এর জেরে আজ সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষের লোকজন পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অন্তত শতাধিক ককটেল বিস্ফোরণ হয়।

খোঁজ নিয়ে জানা যায়, রেজাউল শিকদার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আর তমিজ খাঁ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাজিরা উপজেলা কমিটির সদস্য।

সংঘর্ষে রেজাউল শিকদারের পক্ষের সমর্থক মান্নান সরদার গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লা গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, ককটেল বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের একজনের হাত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আরেকজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, জাজিরায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন