বেলাবতে নিখোঁজ শিশুর অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলার মানচিত্র

নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের আট দিন পর এক মেয়েশিশুর (৪) অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।

এর আগে গতকাল সোমবার বিকেলে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরে ঝোপের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় চোখ উপড়ানো ও বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় লাশটি। স্বজনদের ধারণা, শারীরিক নির্যাতনের পর কে বা কারা তাকে হত্যা করে লাশ ঝোপের মধ্যে ফেলে গেছে।

আরও পড়ুন

শিশুটির বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। তার মা ও বাবা গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করেন। শিশুটি বেলাব উপজেলায় তার নানার বাড়িতে থাকত।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। দ্রুত তারা আইনের আওতায় আসবে। ময়নাতদন্ত শেষে আজ সন্ধ্যায় শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত এজাহারে বলা হয়, ১৯ ডিসেম্বর দুপুরের আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনদের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে মাইকিং করা হয়। কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। গতকাল বেলা আড়াইটার দিকে কয়েকজন কৃষক আড়িয়াল খাঁ নদ-সংলগ্ন জমিতে কাজ করার সময় নাকে দুর্গন্ধ পান। তাঁরা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঝোপের মধ্যে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। লাশের একটু দূরে পড়ে ছিল শিশুটির হাফপ্যান্ট। খবর পেয়ে বেলাব থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

মামলার বাদী ও শিশুটির বাবা বলেন, ‘আমার এত ছোট মেয়েটাকে এমন নির্মমভাবে কারা হত্যা করল, পুলিশকে খুঁজে বের করতে হবে। সারা দিন হেসে-খেলে বেড়াত এমন একটা বাচ্চাকে কেউ হত্যা করতে পারে, কল্পনাই করতে পারছি না। চার পাশে এমন একজনকেও পাচ্ছি না, যাকে সন্দেহ করব। তাই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছি।’

শিশুটির নানা বলেন, ‘চার বছর বয়সী আমার এই নাতনিকে কে বা কারা নির্যাতনের পর হত্যা করে লাশ ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। আমার নিষ্পাপ নাতনিকে যারা নির্যাতন করে হত্যা করেছে, আমি তাদের উপযুক্ত বিচার চাই।’